২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ধরতে গিয়ে মৌলভীবাজারে পুলিশ সদস্য আহত

আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় মৌলভীবাজারের কুলাউড়ায় শুক্রবার বিকেলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গুলিতে এক হামলাকারীও আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 07:13 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

মৌলভীবাজার, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় মৌলভীবাজারের কুলাউড়ায় শুক্রবার বিকেলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গুলিতে এক হামলাকারীও আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী আলমগীর আলম শাহান ও আহত আব্দুস শহীদকে আটক করেছে। আব্দুস শহীদকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং তিন পুলিশ সদস্য উপ-পরিদর্শক রজব আলী, কনস্টেবল শফি উদ্দিন ও চেরাগ আলীকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুলাউড়া পৌর শহরের গোপাল মিষ্টি ঘরের মালিক শ্যামল কুণ্ডু পাওনা পাঁচ হাজার টাকা আদায়ে ব্যর্থ হয়ে দেনাদার লকুছ মিয়ার বিরুদ্ধে শুক্রবার কুলাউড়া থানায় মামলা করেন। বিকেল ৪টার দিকে উপ-পরিদর্শক রজব আলী কনস্টেবল শফি উদ্দিন ও চেরাগ আলীকে নিয়ে উত্তর বাজার এলাকা থেকে লকুছ মিয়াকে ধরে থানায় আনেন। পরে লকুছ মিয়ার মটরসাইকেলটি আনতে পুলিশ আবার সেখানে গেলে লকুছের সহযোগী আব্দুস শহীদ ও আলমগীর আলম শাহান পুলিশের ওপর হামলা চালায়। খবর পেয়ে থানা থেকে উপ-পরিদর্শক দিলীপ কুমার দাশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা তার ওপরও হামলা করে। এ সময় তিনি এক রাউন্ড গুলি করলে আব্দুস শহীদ পায়ে গুলিবিদ্ধ হয়। শহীদ ও শাহানের বাড়ি কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামে এবং লকুছ মিয়ার বাড়ি একই ইউনিয়নের বাদে মনসুর গ্রামে। শহীদ ও শাহানের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। সরকারি কাজে বাধা দান ও পুলিশের ওপর হামলার অভিযোগে কুলাউড়া থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৩ ঘ.