২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের অভাবে বাঘাবাড়ী ৭১ মেগাওয়াটের বিদ্যুৎ ইউনিট বন্ধ

গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বাঘাবাড়ী বিদ্যুত কেন্দ্রের ৭১ মেগাওয়াটের ইউনিটটি নয় দিন ধরে বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 12:55 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

সিরাজগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বাঘাবাড়ী বিদ্যুত কেন্দ্রের ৭১ মেগাওয়াটের ইউনিটটি নয় দিন ধরে বন্ধ রয়েছে। ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ব্যবস্থাপক মো. আকতারুজ্জামান শুক্রবার জানান, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির সরবরাহ লাইনে গ্যাসের চাপ ওঠানামা করায় ৭১ মেগাওয়াটের ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, প্রতি রাত ৩টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাসের চাপ কিছুটা বাড়লেও দুপুর ২টার পর থেকে তা অস্বাভাবিকহারে কমে যায়। ফলে বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস চালিত ১০০ এবং ৭১ মেগাওয়াট ইউনিট দু'টিতে একই সঙ্গে উৎপাদন চালু রাখা অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরো বলেন, এ অবস্থায় ইউনিট দু'টি একই সঙ্গে চালু রাখা হলে যান্ত্রিক ক্রটি দেখা দিতে পারে। একথা বিবেচনা করে গত ৫ মার্চ সকাল থেকে ৭১ মেগাওয়াটের বিদ্যুৎ ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ইউনিট দু'টি একই সঙ্গে চালু করা হলে ৭১ মেগাওয়াটের ইউনিটে ভাইব্রেশন সংক্রান্ত সমস্যা দেখা দেয় বলে উল্লেখ করে তিনি বলেন, এতে ইউনিট দু'টির উৎপাদন ক্ষমতা শতকরা ১১ ভাগ কমে যায়। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দু'টি ইউনিটই চালু করা সম্ভব হবে বলে তিনি জানান। বাঘাবাড়ীতে ১৯৯১ সালে সরকারিভাবে ১৭৬ কোটি টাকা ব্যয়ে ৭১ মেগাওয়াট ও ২০০১ সালে ১৩৩.৫০ কোটি টাকা ব্যয়ে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ ইউনিট দু'টি নির্মাণ করা হয়। কিন্তু স্থাপনের পর থেকেই যান্ত্রিক ক্রটি, লুব্রিকেটিং ওয়েল লিকসহ বিভিন্ন সমস্যার কারণে ইউনিট দু'টিতে প্রায়ই উৎপাদন বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯০৪ ঘ.