কক্সবাজার, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গহীন অরণ্যে অস্ত্র তৈরি আস্তানা খোঁজে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ওই আস্তানা থেকে তিনটি দেশীয় তৈরি এলজি, কয়েকটি বুলেট, অস্ত্র তৈরির বিভিন্ন মেশিন, বন্দুকের নল, লোহার চিমটিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে মোস্তাফিজুর রহমান ওরফে বন্দুক কালু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আগের দিন গ্রেপ্তার করা 'অস্ত্র কারিগর' ও ডাকাত সর্দার মোস্তাক আহমদ ওরফে বাবুলের (৩৪) কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঈদগড়ের ধূইল্যারঝিরি এলাকার অরণ্যে এ অভিযান চালায়।
কক্সবাজার পুলিশ সুপার মতিউর রহমান শেখ বলেন, "অস্ত্র তৈরির কারখানা নয়, মূলত অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। দীর্ঘদিন ধরে রামু উপজেলার গহীন অরণ্যে দেশীয় অস্ত্র তৈরি হয়ে আসছিল বলে পুলিশের কাছে খবর ছিল। এর আগেও বহুবার ওই এলাকা থেকে অন্ত্র উদ্ধার হয়েছে।"
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, গত বুধবার ভোরে ঈদগড়ে অভিযান চালিয়ে পুলিশ তালিকাভুক্ত 'অস্ত্র কারিগর' ও ডাকাত সর্দার বাবুল গ্রেপ্তার করে। তিনি স্থানীয় বাসিন্দা আবু শামার ছেলে।
ওসি জানান, বাবুল ডাকাতকে গ্রেপ্তার করার পর বুধবার সন্ধ্যায় তার বাহিনীর অন্তত ২০/২৫ জন ঈদগড়-বাইশারী সড়কে একটি জীপের (ঢাকা-গ-২৮৪২) যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকাসহ সর্বস্ব লুট করে। খবর পেয়ে রামু থানা ও ঈদগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এতে পুলিশ কনস্টেবল কামরুল গুলিবিদ্ধ হন।
তিনি জানান, এ ঘটনার পর পুলিশ বৃহস্পতিবার ভোর থেকে টানা ৩ ঘণ্টা অভিযান চালায় রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ধূইল্যারঝিরি এলাকার গহীন অরণ্যে। এ অভিযানে পুলিশ অস্ত্র তৈরির কারখানার খোঁজ পায়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের কারিগররা পালাতে চেষ্টা করলে জনতার সহায়তায় তাদের চারদিক থেকে ঘেরাও করে বন্দুক কালুকে আটক করা হয়।
এ ঘটনায় রামু থানায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র তৈরি ও অস্ত্র পাচারের অভিযোগে দুটি পৃথক মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24