২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সরকারের সময় শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব: দীপঙ্কর তালুকদার

শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন বর্তমান সরকারের পাঁচ বছরে করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন বর্তমান সরকারের পাঁচ বছরে করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। বৃহস্পতিবার বেসরকারি সংস্থা সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) আয়োজিত তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ উৎসবের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালান বর্ষীয়ান আদিবাসী নেতা ও রাজনীতিক সাংসদ প্রমোদ মানকিন। অনুষ্ঠানে বিডিআর ঘটনায় নিহতদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে দীপঙ্কর তালুকদার বলেন, "বিএনপি- জামাত জোট শান্তিচুক্তি বাতিলের পক্ষে বিভিন্ন সময়ে দাবি তুললেও তারা এর অযৌক্তিকতা প্রমাণে কোনো গ্রহণযোগ্য কারণ দেখাতে পারেনি। তাই তারা এটি বাতিল করতে পারেনি।" তিনি এ সরকারের আমলেই শান্তিচুক্তির প্রতিটি ধারার পূর্ণ বাস্তবায়ন এবং আদিবাসিদের অধিকার রক্ষার জন্য কাজ করবেন বলে জানান। চাকমা ভাষায় সফটওয়ার তৈরির জন্য তিনি তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব মোস্তফা জব্বারকে ধন্যবাদ জানান। সেড থেকে প্রকাশিত ফিলিপ গাইন ও পার্থ শঙ্কর সাহা'র সম্পাদনায় 'বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্ত্বার সংস্কৃতি' বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রমোদ মানকিন। প্রমোদ মানকিন বলেন, সেড সাংগঠনিক দক্ষতার সাথে ক্ষুদ্র জাতিসত্ত্বাগুলোর ভাষা, সংস্কৃতি এবং কৃষ্টি ধরে রেখেছে। শিক্ষা বিস্তারের মাধ্যমে তাদের মধ্যে জাতি ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে দীপশিখা সংগঠনের প্রধান পল চারোয়া তিগ্যা 'আদিবাসী' শব্দটি না বলে 'আদিভাষি' বলার দাবি জানান। তিনি বলেন, পুরনো ভাষা থেকে এর উৎপত্তি তাই 'আদিবাসী' না বলে 'আদিভাষি' বলতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ভুঁইয়া শফিকুল ইসলাম, খুশী কবির, ফিলিপ গাইন এবং সেডের চেয়ারম্যান অধ্যাপক সাখাওয়াত আলী খান। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আদিবাসিদের নিজস্ব রীতি অনুযায়ী বরণ করা হয়। এরপর আদিবাসীদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৫ টি ক্ষুদ্র জাতিসত্ত্বার সাংস্কৃতিক উপাদানের প্রদর্শনীও রয়েছে তিন দিনব্যাপী এই উৎসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২৪০ঘ.