চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর দুই সাবেক শীর্ষ কর্মকর্তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়েছে।
তারা হচ্ছেন সিইউএফএল'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন তালুকদার এবং মহা-ব্যবস্থাপক (জিএম) এনামুল হক।
চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপারিনটেডেন্ট মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "এ দুজনকে দুপুর ২টায় গ্রেপ্তার দেখানো হয়। বিকেলে হাজির করা হয় মহানগরের একটি আদালতে।"
সিইউএফএল'র অন্যান্য কর্মকর্তার সঙ্গে এই দুই কর্মকর্তাকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়।
আগের দুই দিনের জিজ্ঞাসাবাদে সিইউএফএল'র পাঁচ সাবেক কর্মকর্তা পরস্পরবিরোধী তথ্য দেন।
মোহসিন তালুকদার ও এনামুল হক ছাড়াও সিইউএফএল'র ব্যবস্থাপক (মার্কেটিং) সরওয়ার কামাল, নিরাপত্তা কর্মকর্তা জয়নাল আবেদীন ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুবিন হোসেনকে মঙ্গল ও বুধবার জিজ্ঞাসাবাদ করা হয়।
২০০৪ সালের ১ এপ্রিল কর্ণফুলী নদীর তীরে সিউএফএল'র জেটিতে দুটি ট্রলার থেকে খালাস করার সময় দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
বাংলাদেশের ইতিহাসে ধরা পড়া অবৈধ অস্ত্রের বৃহত্তম এ চালান নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/টিআর/জিএনএ/১৬৫৫ ঘ.
bdnews24