ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআরের ঘটনার শান্তিপূর্ণ সমাধান হওয়ায় জান-মালের ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।
দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রেস সচিব সাংবাদিকদের বলেন, "বিডিআরের ঘটনায় মরিয়ার্টি শোক প্রকাশ করেছেন এবং এই ঘটনা তদন্তে তার দেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন।"
তিনি জানান, এই ঘটনা তদন্তে সাহায্য করতে এফবিআই এর প্রতিনিধি দল পাঠানোয় যুক্তরাষ্ট্র সরকারকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, "বিডিআরের ঘটনায় শান্তিপূর্ণ সমাধানে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত। মরিয়ার্টি বলেছেন, বিডিআরের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল। শান্তিপূর্ণ সমাধান না হলে ক্ষয়-ক্ষতি আরো বেশি হতে পারত।"
তিনি বলেন, "বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং গণতান্ত্রিক সরকার রক্ষায় তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।"
প্রেস সচিব জানান, বাংলাদেশে সন্ত্রাস বন্ধে মার্কিন সরকার সহায়তা করবে বলে প্রধানমন্ত্রীকে বলেছেন মরিয়ার্টি।
তিনি বলেন, "বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কল্যাণ ও শান্তি শৃঙ্খলা রক্ষা করাই ছিল তার লক্ষ্য। এজন্যই বিডিআরের ঘটনায় শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা হয়েছে।"
সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামনও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৭০৫ ঘ.
bdnews24