২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ মার্চের জাতীয় প্যারেড বাতিল

বিডিআর বিদ্রোহের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে ২৬ মার্চ অনুষ্ঠেয় স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 08:15 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে ২৬ মার্চ অনুষ্ঠেয় স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "বিডিআরের বিদ্রোহের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২৬ মার্চের জাতীয় প্যারেড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।" আশরাফুল বলেন, "আজকের এই বৈঠকটি গতানুগতিক কোনো বৈঠক ছিল না। বিডিআরের ঘটনার বিষয় নিয়েই মূলতঃ এই বৈঠক হয়েছে। কমিটি সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী কয়েক দিনের মধ্যে আরেকটি বৈঠক হবে।" অচিরেই তদন্ত প্রতিবেদন আসবে বলে উল্লেখ করেন তিনি। গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, " একটি ঘটনা সম্পর্কে তাদের এমন কোনো প্রতিবেদন প্রকাশ করা বা দেখানো উচিত না, যাতে ওই ঘটনা আরও জটিল আকার ধারণ করে।..মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে। কিন্তু কোনো কোনো বিষয় আছে যার ঘটনা প্রকাশ করলে তা সঙ্কটকে আরও বড় করে তোলে। এসব ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে।" দুর্ধর্ষ মলম পার্টির দৌরাত্ম্য বৃদ্ধি, ফেনসিডিল চোরাচালানসহ বিভিন্ন বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। বৈঠকের বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করতে চাইলে তিনি সভাকক্ষ ত্যাগ করেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ভূমিমন্ত্রী রাজিউদ্দিন রাজু এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জিএনএ/এসকে/১৮০৯ঘ.