নড়াইল, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুধবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
নড়াইল শহরের বাইপাস সড়কের মালিবাগ এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মশিউর রহমান (৩৫) ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আহত চণ্ডিনগর গ্রামের হাফিজুর রহমান (৪৫) ও মাথাভাঙ্গা গ্রামের মাহফুজ মোল্যাকে (৪৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মশিউর রহমান, হাফিজুর রহমান ও মাহফুজ মোল্যা মটরসাইকেলে নড়াইল শহর থেকে বাড়ি ফিরছিলেন। শহরে বাইপাস সড়কের মালিবাগ এলাকায় এলে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মশিউর রহমান ঘটনাস্থলে মারা যান।
নিহত মশিউর রহমান কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানান জেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৫ ঘ.
bdnews24