ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া।
বুধবার রাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।
গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইকরামুল হকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেন। তিনি শিক্ষকদের কাছ থেকে শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতির কথা শুনেন।
শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে খালেদা বলেন, "শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। দলীয়করণ ও আত্মীয়করণ করে শিক্ষার পরিবেশ ঠিক করা যাবে না।"
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি দলের ছাত্র সংগঠনের হল দখল ও বিশৃঙ্খলার কঠোর সমালোচনা করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বলেন, "এখন দখলের প্রতিযোগিতা চলছে। ছাত্রলীগ নিজেরা ছাড়া অন্য ছাত্র সংগঠনকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে দিচ্ছে না। তারা সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর অত্যাচার করছে। এমনকি তারা শিক্ষকদেরও অসম্মান ও লাঞ্ছিত করছে।"
১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে শিক্ষাক্ষেত্রে অব্যবস্থাপনা ও নকলের মহাৎসবের উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "আমরা ক্ষমতায় এসে ওই অবস্থায় পরিবর্তন এনেছি। নকল দূর করে শিক্ষার মান উন্নীত করেছি। পাঠ্যবই সংকট দূর করেছি।"
পাঠ্য বই সংকট দূর করতে সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান খালেদা।
অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও বিরোধী দলের নেতার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/২১৪৮ ঘ.
bdnews24