২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল: আপিল ১৪ মার্চ পর্যন্ত

জাতীয় সংসদের সাতটি আসনে উপ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই বুধবার সম্পন্ন হয়েছে। এতে ২৯টির মধ্যে ১০টি মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের সাতটি আসনে উপ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই বুধবার সম্পন্ন হয়েছে। এতে ২৯টির মধ্যে ১০টি মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। আগামী ১৪ মার্চ পর্যন্ত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন) ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, বুধবার বাছাইয়ের দিন রংপুর-৩ আসনে ২টি, রংপুর-৬ আসনে ৩টি, কুড়িগ্রাম-২ আসনে ২টি, বাগেরহাট-১ আসনে ২টি এবং কিশোরগঞ্জ-৬ আসনে ১টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় এক শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিলের ক্ষেত্রে অস্বচ্ছতা, দলীয় মনোনয়ন না পাওয়া ও ঋণখেলাপের অভিযোগে এসব মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফরহাদ আহম্মদ খান বলেন, "১২ থেকে ১৪ মার্চ পর্যন্ত উপ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল করার সময়সূচি রয়েছে। প্রতিদিন (শুক্র ও শনিবারসহ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে এ আবেদন নেওয়া হবে।" সংসদের শুন্য হওয়া সাত আসনে ৯ মার্চের মধ্যে ২৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রংপুর-৩ আসনে ৬টি, রংপুর-৬ আসনে ৬টি, কুড়িগ্রাম-২ আসনে ৬টি, বগুড়া-৬ আসনে ২টি, বগুড়া-৭ আসনে ৩টি, বাগেরহাট-১ আসনে ৩টি এবং কিশোরগঞ্জ-৬ আসনে ৩টি মনোনয়পত্র জমা পড়ে। তফসিল অনুযায়ী, আগামী ১৭ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে ২ এপ্রিল। নির্বাচন কমিশন কর্মকর্তা আরও বলেন, "মনোনয়পত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের আগেই আপিল শুনানি শেষ করবে কমিশন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- রংপুর: রংপুরের দু'টি আসনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়ছে। বৈধ ঘোষিত হয়েছে সাতজনের মনোনয়নপত্র। উপ নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় জানান, রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোজাম্মেল হোসেন লালু, আওয়ামী লীগ প্রার্থী শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে তিন স্বতন্ত্র প্রার্থী হায়দার আলী, মোতাহারুল হক বাবলু ও নুরে আলম যাদুর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে । রংপুর-৩ আসনে জাপা ও আ. লীগ থেকে মনোনয়ন না দেওয়ায় যথাক্রমে মোজাম্মেল হোসেন লালু ও শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া রংপুর-৬ আসনে ভূয়া ভোটার স্বাক্ষরিত সমর্থনপত্র দাখিল করায় তিন স্বতন্ত্র প্রার্থী হায়দার আলী, মোতাহারুল হক বাবলু ও নুরে আলম যাদুর মনোনয়নপত্র বাতিল হয়েছে । মনোনয়নপত্র বৈধ ঘোষিত সাতজন হলেন- রংপুর-৩ আসনে রওশন এরশাদ, বিএনপির রহিম উদ্দিন ভরসা, খেলাফত আন্দোলনের সিরাজুল ইসলাম ও গণফ্রন্টের মো. সাদেক এবং রংপুর-৬ আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, বিএনপির নুর মোহাম্মদ মণ্ডল ও গণফ্রন্টের আবেদ আলী প্রধান। বাগেরহাট: বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে মনোনয়নপত্র জমাদানকারী তিনজনের মধ্যে শুধু আওয়ামী লীগ প্রার্থী শেখ হেলাল উদ্দিনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষিত হয়েছে। বাদ পড়াদের মধ্যে রয়েছেন- বিএনপির এম. রহমান সজল এবং স্বতন্ত্র এম.এম. ওবায়দুর রহমান। রিটার্নিং কর্মকর্তা মো. মহসীন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি মনোনীত এম. রহমান সজল ঋণ খেলাপী। ঢাকার আসাদ এভিনিউ শাখা পূবালী ব্যাংকে তিনি পাঁচ লক্ষাধিক টাকার ঋণখেলাপি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য অনুযায়ী ক্রেডিট কার্ডের বিপরীতে তিনি খেলাপি রয়েছেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী এম.এম. ওবায়দুর রহমানের মনোনয়নপত্রে চাহিদা অনুযায়ী মোট ভোটারের এক শতাংশ ভোটার স্বাক্ষরের ক্ষেত্রে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। বগুড়া: বগুড়ায় দু'টি আসনে দাখিল করা পাঁচটি মনোনয়নপত্রই বৈধ ঘোষিত হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির জমির উদ্দিন সরকার ও আওয়ামী লীগের মমতাজ উদ্দিন এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির মওদুদ আহমদ, আওয়ামী লীগের ডা. মোস্তফা আলম নান্নু ও জাতীয় পার্টির আলতাফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। এ দু'টি আসনে কোনো মনোনয়নপত্র বাতিল হয়নি। কুড়িগ্রাম: কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাটের ৩টি ইউনিয়ন) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা হলেন- শামসুল হক এবং আব্দুল আলীম নিজামী। জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার জানান, শামসুল হক নির্বাচন বিধি অনুযায়ী শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষর জমা না দেওয়ায় এবং অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম নিজামীর দাখিল করা ভোটারের স্বাক্ষর জাল করায় এ দু'জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে চার বৈধ প্রার্থী হলেন- আওয়ামী লীগের মো. জাফর আলী, বিএনপি'র তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির গোলাম হাবীব দুলাল এবং ইসলামী আন্দোলনের মোস্তাফিজার রহমান। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে গণফ্রন্ট প্রার্থী আবুল কাশেম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন জানান, আবুল কাশেম ফজলুল হকের দাখিল করা মনোনয়নপত্রে দলীয় সমর্থন সম্বলিত চিঠি লেখায় কাটাকুটি ও ঘষামাজাসহ পূর্ণাঙ্গ না হওয়ার কারণে বাতিল করা হয়। এছাড়া আ. লীগের নাজমুল হাসান পাপন ও চারদলের শরীফুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/ডিডি/২১২৮ ঘ.