ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রাথমিকভাবে ১২ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে র্যাব।
বুধবার দুপুরে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার নিজ কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে বলেন, "আমরা ১২ জনকে বিভিন্ন সময় আটক করে জিজ্ঞাসাবাদে ২৫ এবং ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি।"
তিনি জানান, র্যাব, সেনাবাহিনীসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো তদন্তকারি সংস্থা সিআইডিকে প্রকৃত ঘটনা তথ্যানুসন্ধানে সহায়তা করছে। অপারেশন রেবেল হান্ট চলছে, র্যাবও সহায়তা করছে। এই ধারাবাহিকতায় ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
র্যাব মহাপরিচালক জানান, আটকদের লালবাগ থানায় সোর্পদ করা হবে। এরপর তদন্তকারী সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করবে।
তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে অনেক কিছু বলা সম্ভব নয়।
তবে জঙ্গি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, জঙ্গি কর্মকাণ্ড বর্তমানে আইনশৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
আটক এই ১২ জন বিডিআর সদস্য হচ্ছে- সুবেদার গোফরান মল্লিক (৫৬), হাবিলদার রেজাউল করিম (৪৫), ল্যান্স নায়েক মো. গাউসুল আজম (৪০), ল্যান্স নায়েক মো. ইউসুফ আলি (৪০), সিপাহি জয়ন্ত কুমার সরকার (২১), সিপাহি মো.জমির আলি (২৩), সিপাহি আ. লতিফ (৩০), সিপাহি মো. সোহরাব হোসেন (২৫), সিপাহি মো. ইসমাইল হোসেন (৩৭), সিপাহি মো. শরিফুল ইসলাম (৩৭), সিপাহি মো. রফিকুল ইসলাম (২৯) এবং সিপাহি মাসুদুর রহমান (২৯)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এইচএ/১৯৫৫ঘ.
bdnews24