রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র শিবির-ছাত্রলীগ সংঘর্ষের এক দিনের ব্যবধানে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সশস্ত্র হামলায় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।
ছাত্রলীগের মিছিলে বাধা প্রদানের জের ধরে দুপুরে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৮২ সালে তৎকালীন ছাত্রসংগ্রাম পরিষদ-শিবির সংঘর্ষে নিহত চার শিবির কর্মীর স্মরণে বেলা সাড়ে ১২টার দিকে বহিরাগতদের নিয়ে শিবির ক্যাম্পাসে শোক র্যালি বের করে। পরে তারা কেন্দ্রীয় লাাইব্রেরির সামনে সমাবেশের জন্য জড়ো হয়।
অন্যদিকে, আধঘণ্টার ব্যবধানে ছাত্রলীগ দলীয় টেন্ট থেকে মিছিল নিয়ে লাইব্রেরির সামনে গেলে শিবির নেতাকর্মীরা এতে বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে কিছুক্ষণ পর শিবির নেতাকর্মীরা সংগঠিত হয়ে লাইব্রেরির পিছন দিক থেকে লোহার রড, রাম দা, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়।
শিবিরের সাংগাঠনিক সম্পাদক ফরহাদ আলম, বঙ্গবন্ধু হল শাখা সভাপতি শাহনেওয়াজ সচ্ছ, কর্মী ইয়াহিয়া, রাজ্জাক, বহিরাগত মিন্টুর নেতৃত্বে শিবির মুখোশধারী কয়েকজনসহ শতাধিক নেতাকর্মী ছাত্রলীগ নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলায় চালায় বলে অভিযোগ করেছেন সংঘর্ষে আহত ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন।
এছাড়া সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, কেন্দ্রীয় সদস্য জাহিদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিম বিন কামাল উজ্জল, সাংগাঠনিক সম্পাদক মাসুদ, আইন বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান রনি, প্রচার সম্পাদক সুমন কান্তি বাড়ৈ রনি, ক্রীড়া সম্পাদক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আউয়াল কবির জয়, কর্মী দ্বিপায়ন সরকার দ্বীপ, নিয়াজ, তুহিন, মাসুদ রানা, মেহেদী হাসান, শুভ্র, নিজাম, নোমান, পলাশ, ওবায়দুর, রানা, মুন্না ও বাদাম বিক্রেতা জামিরসহ অন্তত ২৫ জন শিবিরের হামলায় আহত হয়েছেন।
তাদের রাবি চিকিৎসা কেন্দ্র ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, শিবিরের ধাওয়া খেয়ে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা রবীন্দ্র কলা ভবন, শহীদুল্লা কলা ভবন ও ইসমাইল হোসেন সিরাজী ভবনসহ বিভিন্ন ভবনে আশ্রয় নেয়। শিবির কর্মীরা বিভিন্ন ভবনে আশ্রয় নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের খোঁজে ভবনে সশস্ত্র অভিযান চালায়। তারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস কক্ষে আশ্রয় নেওয়া সাংবাদিক এবং শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার চেষ্টা করে। এসময় তারা অফিস লক্ষ্য করে ইট-পাটকেল এবং লাথি মারতে থাকে। পরে বিভাগের ল্যাবরেটরিতে হামলা চালিয়ে জানালার কাঁচ ভাঙচুর করে।
বেলা দেড়টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরাও সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে দলীয় টেন্টে অবস্থান নিলে শিবির কর্মীরা হলগুলোতে সশস্ত্র অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এ সময় তারা বিভিন্ন হলের ছাত্রলীগ নিয়ন্ত্রিত ৮/১০ টি কক্ষে ভাংচুর ও কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহানগর পুলিশের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান, মতিহার জোনের সহকারী কমিশনার এমকে জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরে বেলা দুইটার দিকে ছাত্রলীগ দলীয় টেন্টে এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে দোষী শিবির কর্মীদের শাস্তির দাবি জানায়।
তারা অভিযোগ করেছে- পুলিশের উপস্থিতিতে শিবির কর্মীরা তাদের উপর সশস্ত্র হামলা চালায়।শিবির কর্মীরা বিভিন্ন কক্ষে লুটপাট করে বলেও অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন মুনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতিহার জোনের সহকারি পুলিশ কমিশনার এমকে জাহাঙ্গীর হোসেন বলেন, পরিস্থিতি সাভাবিক রয়েছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া জানান, তিনি ছাত্রলীগ ও শিবির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন। ছাত্রলীগ ঘটনার সুষ্ঠু তদন্তসহ হলে এবং ক্যাম্পাসে সহবস্থানের দাবি জানিয়েছে।
সবার সহাবস্থান নিশ্চত করতে প্রভোস্টদের বলা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ছাত্রশিবিরের সভাপতি দেলওয়ার হোসেন সাঈদী কোন কথা বলেননি। তবে রাবি শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম দাবি করেন, "ছাত্রলীগ নেতাকর্মীরা প্রথমে শিবির নেতাকর্মীদের ওপর হামলা করে। তারা প্রতিরোধ করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/১৯৪৭ঘ.
bdnews24