২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক খান বিডিআর তদন্ত সমন্বয় করবেন

বিডিআর বিদ্রোহে হতাহতের ঘটনা খতিয়ে দেখার জন্য গঠিত কমিটিগুলোর তদন্ত কার্যক্রমে সমন্বয় সাধনের দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খানকে। সরকার তাকে এই দায়িত্ব দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 07:51 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহে হতাহতের ঘটনা খতিয়ে দেখার জন্য গঠিত কমিটিগুলোর তদন্ত কার্যক্রমে সমন্বয় সাধনের দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খানকে। সরকার তাকে এই দায়িত্ব দেয়। ফারুক খান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তিনি সরকার, সেনা বাহিনী ও সিআইডির তদন্ত কার্যক্রম তদারক করবেন। একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি প্রচারিত এক অনুষ্ঠানে তিনি তার এই নতুন দায়িত্বের কথা নিশ্চিত করেন। বিদ্রোহের ঘটনা খতিয়ে দেখার জন্য সরকার গত ২৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে প্রধান করে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সরকার। পরে ২ মার্চ ওই কমিটি পুনর্গঠন করে সাবেক সচিব আনিস-উজ-জামানকে সাহারা খাতুনের স্থলাভিষিক্ত করা হয়। কমিটির সদস্য সংখ্যাও একজন বাড়ানো হয়। নতুন কমিটি ৩ মার্চ তদন্ত কাজ শুরু করে। তদন্ত রিপোর্ট দাখিলের জন্য রোববার তারা আরও সময় চায়। রিপোর্ট দাখিল করার কথা ছিল সোমবার। কিন্তু তা সম্ভব না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয় ১৯ মার্চ। এছাড়া ২রা মার্চ সাবেক বিডিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রধান করে সেনাবাহিনী নিজেরা ৯ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করে। এদিকে ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় দায়ের করা মামলার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ। মামলায় উপ-সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল ইসলামসহ এক হাজারেরও বেশি বিডিআর সদস্যকে আসামি করা হয়। এদের মধ্যে ডিএডি তৌহিদুল ইসলামসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। দশ ট্রাক অস্ত্র মামলায় কথিত বিতর্কিত ভূমিকার অভিযোগে ৭ মার্চ সিআইডির বিশেষ পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহেল বাকীকে সরিয়ে তদন্তের তদারকির দায়িত্ব দেওয়া হয় বিশেষ পুলিশ সুপারিনটেনডেন্ট মিসারুল আরিফকে। তদন্তে সহায়তা করার জন্য এফবিআই-এর একটি অগ্রবর্তী দলও কাজ শুরু করেছে। দলটি এসেছে ৮ মার্চ। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/টিআর/০১৪৭ ঘ.