ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর এর এক সাবেক সদস্যকে তার হাজারীবাগ এলাকার বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
হাজী তোরাব আলী নামে ওই অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের স্ত্রী নূরজাহান বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে সাধারণ পোশাক পড়া ৫/৬ জন লোক এসে কলিংবেল টেপে। ৭০ বছর বয়সী তোরাব আলী দরজা খুলে দিলে তারা থানা থেকে আসার কথা বলে তাকে সঙ্গে যেতে বলে। নূরজাহান বেগম বলেন, তোরাব আলী পাঞ্জাবী পড়ে তাদের সঙ্গে চলে যান।
তোরাব আলী ২০ বছর আগে সুবেদার হিসেবে অবসর নেন বলে নূরজাহান জানান।
তোরাব আলীর জামাতা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার শ্বশুর একজন স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতা।
রেজাউল করিম বলেন, সাদা পোশাকে র্যাব তার শ্বশুরকে ধরে নিয়ে গেছে বলে তার ধারণা।
তবে র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল সামসুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তোরাব আলী নামের কাউকে গ্রেপ্তার কিংবা ধরে নিয়ে যাননি।
এ ব্যাপারে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক আবু বাশার এবং লালবাগ থানার উপ-পরিদর্শক ইমরান হোসেনও জানান, এ নামে কোন ব্যক্তিকে তারা আটক বা গ্রেপ্তার করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/টিআর/এসকে/২২২৭ ঘ.
bdnews24