চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বিডিআর বিদ্রোহের ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর প্রশিক্ষণ কেন্দ্রের নয় জওয়ানকে জিজ্ঞাসাবাদ করছে র্যাব।
নয় জওয়ানকে বিডিআরের ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে মঙ্গলবার সকালে নগরীর র্যাব-৭ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব জওয়ানকে পৃথক জিজ্ঞাসাবাদ সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিআর জওয়ানদের কারো নাম প্রকাশ করা হয়নি।
ঢাকার পিলখানায় বিদ্রোহের পরদিন ২৬ ফেব্র"য়ারি দেশের বৃহত্তম বিডিআর প্রশিক্ষণ কেন্দ্রেও গোলাগুলি, ভাংচুর ও বিক্ষোভ করে কেন্দ্রের জওয়ানরা। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য নয় জওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র্যাব কর্মকর্তা জানান।
মিজানুর জানান, জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব নয়।
তবে তাদের কাউকে কোনো সুনির্দিষ্ট অভিযোগে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিআর/এসকে/২১০০ ঘ.
bdnews24