ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গেরেরো রাজধানীতে ব্র্যাকের দুটি স্কুল পরিদর্শন করেছেন।
ইসাবেল গেরেরো সোমবার সকালে রাজধানীর উপকণ্ঠের পদরদিয়া গ্রামে ব্র্যাক পরিচালিত দুটি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।
ব্্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিশ্বব্যাংক কর্মকর্তা পরে বিদ্যালয়ে উপস্থিত অভিভাবকদের সঙ্গেও কথা বলেন এবং তাদের দুজনের বাড়িতে যান।
ইসাবেল গেরেরো এরপর ব্র্যাক প্রধান ফজলে হাসান আবেদের সঙ্গে দেখা করেন। এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির ব্যাপারে উৎসাহ প্রকাশ করেন।
এ বৈঠকে অন্যদের মধ্যে বিশ্বব্যাংক প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ঝু জিয়ান, উপদেষ্টা তাহসিন সাইদ এবং ব্র্যাকের পক্ষে ছিলেন নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০০৮ঘ.
bdnews24