ঢাকা মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তরে সেনা কর্মকর্তা হত্যার ঘটনা তদন্তে মঙ্গলবার সকালে পিলখানা পরিদর্শন করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুই সদস্য। এসময় তাদের সঙ্গে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ছিলেন।
পিলখানা হত্যাকাণ্ড মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি আব্দুল কাহার আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "এফবিআই'র দুই কর্মকর্তা সকাল ১০টার দিকে বিডিআর সদরদপ্তরে যান। সোয়া ১২টা পর্যন্ত তারা ঘটনাস্থলে ছিলেন।"
এসময় তারা দরবার হল, গণকবর, বিডিআরের মহাপরিচালকের বাসভবনসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এর আগে সোমবার এফবিআই'র সদস্যরা হত্যাকাণ্ড ও তদন্ত প্রক্রিয়া নিয়ে সিআইডি কর্মকর্তাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন। ঘটনার সময়, বিবরণ ও তদন্ত প্রক্রিয়া নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।
সরকারের আবেদনের পরিপ্রক্ষিতে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত ও এ ব্যাপারে সহায়তা করার জন্য এফবিআই-এর এই দুই সদস্যের অগ্রবর্তী দল রোববার বাংলাদেশে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এমএইচবি/১৪০২ ঘ.
bdnews24