ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মেয়র নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য চেয়ারপারসন টাকা চেয়েছেন- বিএনপির এক জ্যেষ্ঠ নেতার ছেলের এ দাবির পরদিন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার সকালে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, ''স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে সন্ধ্যায়।'' তবে বৈঠকের আলোচ্য বিষয় তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
খালেদা জিয়ার নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১১ জন। অন্যরা হলেন- এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, আবদুল মতিন চৌধুরী, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম।
সোমবার এক সংবাদ সম্মেলনে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দীকির ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দীকি বলেন, "তিনি জানতে চান আমার কাছে যথেষ্ট টাকা আছে কি না। নির্বাচনের (ব্যয়) জন্য তিনি পাঁচ কোটি টাকা চান। কিন্তু আমি ফালু (মোসাদ্দেক আলী ফালু) বা আব্বাস (সাবেক মেয়র মির্জা আব্বাস ) নই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৭১৯ ঘ.
bdnews24