২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ড ইয়ার্ডের দল আসছে বুধবার: ব্রিটিশ মন্ত্রী

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সহায়তা করার জন্য স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্যের একটি দল বুধবার ঢাকা আসছে। ব্রিটিশ সরকারের এক জুনিয়র মন্ত্রী একথা জানান। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 06:15 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সহায়তা করার জন্য স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্যের একটি দল বুধবার ঢাকা আসছে। ব্রিটিশ সরকারের এক জুনিয়র মন্ত্রী একথা জানান। তিনদিনের সরকারি সফরে ব্রিটেনের দক্ষিণ এশিয়া বিষয়ক দপ্তরের মিনিস্টার মাইক ফস্টার মঙ্গলবার সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। মিনিস্টার মাইক ফস্টার বলেন, " তদন্তে সহায়তার জন্য স্কটল্যান্ড ইয়ার্ডের চার কর্মকর্তা আগামীকাল (বুধবার) ঢাকা এসে পৌঁছবেন।" ফস্টার বিমানবন্দরে সাংবাদিকদের আরো বলেন, তার দেশ বাংলাদেশের নতুন সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে যাবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের জন্য শোকও প্রকাশ করেন তিনি। ফস্টার বলেন, "এই বিদ্রোহে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি।" গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন থাকবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ উন্নয়ন প্রচেষ্টায় 'সতিকার অগ্রগতি' অর্জন করেছে। মন্ত্রী বলেন, বাংলাদেশের সর্বোচ্চ দাতা দেশ যুক্তরাজ্য। ২০১০-১১ সাল, এই এক বছরে বাংলাদেশকে দেওয়া আমাদের সহায়তার পরিমাণ ১৫ কোটি পাউন্ডে দাঁড়াবে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বর্তমানে যুক্তরাজ্য প্রতি বছর সাড়ে ১২ কোটি পাউন্ড দিচ্ছে। সফরকালে কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে উল্লেখ করে ফস্টার বলেন, সরকারের দারিদ্র্য নির্মূল প্রচেষ্টায় সহায়তা করার উপায় নিয়ে তিনি তাদের সঙ্গে আলোচনা করবেন। ব্রিটিশ মন্ত্রী বগুড়ার চর এলাকাও পরিদর্শন করবেন। দেখবেন কয়েকটি উন্নয়ন প্রকল্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/জিএনএ/টিআর/এসকে/১৭৫৬ ঘ.