ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীতে চাহিদার মাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করতে পারছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)।
রাজধানী বিভিন্ন এলাকায় দিনভর লোডশেডিং চলছে। ৫/৬ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। প্রতিবার কমপক্ষে একঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ৩৪০০ মেগাওয়াটে নেমে এসেছে। দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে লোডশেডিং।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোড ডেসপাচ সেন্টার জানিয়েছে, সোমবার দেশে ৮০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। সর্বোচ্চ উৎপাদন হয়েছে ৩৪৬২ মেগাওয়াট। ৪৪০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছিল ৩৬০০ মেগাওয়াট।
ডিপিডিসি জানিয়েছে এর মধ্যে সন্ধ্যায় পিক আওয়ারে ৪১২ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। সরবরাহ করা হয়েছে মাত্র ৫২৯ মেগাওয়াট।
পিডিবি জানিয়েছে, গ্যাস স্বল্পতার কারণে ৫৫৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বন্ধ ৬৩৪ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২৩৪৩ঘ.
bdnews24