ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল ঘোষণা করেছে।
এ পরিষদ থেকে সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট এএফএম মেজবাহউদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট শ ম রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার অ্যাডভোকেট এম এ হালিমের সভাপতিত্বে সমিতি ভবনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভায় এই প্যানেল ঘোষণা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুব্রত চৌধুরী বক্তব্য দেন।
সমন্বয় পরিষদ প্যানেল থেকে সহ সভাপতি পদে কাজী সাজোয়ার হোসেন ও সৈয়দ হায়দার আলী, কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুল গনি, সহ সম্পাদক পদে মোহাম্মদ আলী ও বদরুজ্জামান বাদল মনোনয়ন পেয়েছেন।
এছাড়া সদস্য পদে মনোনয়ন পেয়েছেন নুরুন্নবি বুলবুল, এনামুল হক মোল্লা, দিলসাত মিয়াজী মান্না, আনজুমান আরা বেগম রানু, মো. শহীদুল্লাহ, জয়া ভট্টাচার্য ও মো. নুুরুল ইসলাম মাতব্বর।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত হবে।
সমিতির সভাপতি, দুইজন সহ সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুইজন সহ সম্পাদক, সাত সদস্যসহ ১৪ টি পদে এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ মার্চ, বাছাই ১১ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহার ১৬ মার্চ।
নির্বাচনে বিএনপি-জামায়াত জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে ইতোপূর্বে প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে অ্যাডভোকেট হেলালউদ্দিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২৩৩২ঘ.
bdnews24