ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের রায় অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আমলে বাদ পড়া দশজনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
আইন মন্ত্রণালয় সোমবার তাদের নিয়োগ সংক্রান্ত নথি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠিয়েছে।
অনুমোদনের পর আগামী বুধ বা বৃহস্পতিবার রাষ্ট্রপতি এই দশ বিচারপতিকে নিয়োগ দিতে পারেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত ২ মার্চ জোট সরকারের আমলে বাদ পরা দশ বিচারপতিকে স্থায়ী নিয়োগের হাইকোর্টের রায় বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ।
এর আগে ২০০৮ সালের ১৭ জুলাই বাদ পরা ১০ বিচারপতিকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগের জন্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট।
এই ১০ বিচারপতি হলেন- বিচারপতি আব্দুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আবদুল হাই ও নিজামুল হক নাসিম।
এরপর আপিল বিভাগও পাঁচ দফা নির্দেশনা দিয়ে দশ বিচারপতির বিষয়টি বিবেচনা করার পক্ষে রায় দেয়।
আপিল বিভাগের রায়ের আলোকেই দশ বিচারপতি স্থায়ী নিয়োগ পাচ্ছেন বলে আইন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২১১৭ঘ.
bdnews24