২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে কোর্ট মার্শাল: আইনমন্ত্রী

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্তের পর দোষীদের বিচারে প্রয়োজনে কোর্ট মার্শাল করা হবে। যত দ্রুত সম্ভব এই ঘটনার বিচার কাজও শেষ করা হবে। সোমবার বিকেলে আইনমন্ত্রী শফিক আহমেদ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "সিআইডি যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে তার ওপর ভিত্তি করেই এই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু করা হবে। কারণ, সিআইডি আইনত তদন্তকারী সংস্থা।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্তের পর দোষীদের বিচারে প্রয়োজনে কোর্ট মার্শাল করা হবে। যত দ্রুত সম্ভব এই ঘটনার বিচার কাজও শেষ করা হবে। সোমবার বিকেলে আইনমন্ত্রী শফিক আহমেদ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "সিআইডি যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে তার ওপর ভিত্তি করেই এই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু করা হবে। কারণ, সিআইডি আইনত তদন্তকারী সংস্থা।" (আরও তথ্যসহ) তিনি বলেন, "ঘটনায় জড়িতদের শক্ত হাতে বিচার করা হবে। কেউ-ই বিচারের হাত থেকে রেহাই পাবে না।" আরেক প্রশ্নের জাবাবে আইনমন্ত্রী বলেন, "এই ঘটনার বিচারকাজ শেষ হতে কত দিন লাগবে, সে সম্পর্কে এ মুহূর্তে বলা যাবে না। তবে সরকার স্বল্প সময়ের মধ্যে সুবিচার নিশ্চিত করবে।" এদিকে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর গত ২ বছরের বিচারিক কার্যক্রম বৈধ করতে 'কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেনমেন্ট অ্যাক্ট ২০০৯' শিগগিরই সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। মন্ত্রী বলেন, "বিলটি সংসদে অনুমোদিত হলে ২০০৭ সালের নভেম্বর থেকে তা কার্যকর হয়েছে বলে ধরা হবে।" ওই অধ্যাদেশটি সংশোধন করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "অধ্যাদেশটি সংশোধনের বিষয়ে জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে। নির্বাহী বিভাগের কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রদানের বিষয়েও সংসদেই সিদ্ধান্ত হবে।" যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "মানবতাবিরোধী অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে ১৯৭৩ সালের 'ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল অ্যাক্টের বিধান অনুযায়ী বিচার হতে পারে। সংবিধানেও এ বিষয়ে স্পষ্ট করে বলা আছে ওই আইনের অধীনে করা বিচার কাজ কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এএল/জিএনএ/১৯১৩ ঘ.