ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অটোমোবাইল ওয়ার্কশপের (কারখানা) জন্য ঢাকার গাবতলীর কাছে আমিনবাজারে পৃথক একটি শিল্পনগরী স্থাপন করা হচ্ছে।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ৪৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ২০ একর জমির ওপর এ শিল্পনগরী গড়ে তোলা হবে।
আগামী ছয় মাসের মধ্যে শিল্পনগরী স্থাপনের কাজ শুরু এবং এক বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হক মন্টু, সভাপতি বেলায়েত হোসেন, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।
সাক্ষাৎকালে কামরুল হক মন্টু জানান, অটোমোবাইল ওয়ার্কশপ ব্যবসায়ীদের জন্য শিল্প নগরী গড়ে তোলার একটি প্রস্তাব বর্তমানে শিল্প মন্ত্রণালয়ে রয়েছে। সেখানে ৩২৭টি আধুনিক ওয়ার্কশপ স্থাপন করা সম্ভব হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে এ প্রকল্পের জন্য সরকার আর্থিক বিনিয়োগ করতে সম্মত হয়েছে। পরবর্তীতে ব্যবসায়ীরা ২০ বছরে সরকারের এ অর্থ ফিরিয়ে দেবেন।
এজন্য ব্যবসায়ীরা সরকারকে ছয় শতাংশ সুদ দেবেন বলে উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় কোনো আপত্তি জানায়নি। শিল্প মন্ত্রণালয় অনুমোদন করলে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকের সভায় উপস্থাপন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/২০১৯ ঘ.
bdnews24