ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের আরো ৩৪ যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল হয়েছে। এদের মধ্যে ২৮ জন সদ্য পদোন্নতি পেয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছিলেন।
সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব রদবদল ও পদায়নের আদেশ জারি করে।
বদলি হওয়া যুগ্ম-সচিবদের মধ্যে ইআরডির যুগ্ম-সচিব এএম বদরুদ্দোজাকে সংস্থাপন মন্ত্রণালয়ে, মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য স্বপন কুমার সাহাকে কৃষি মন্ত্রণালয়ে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক এসএম আব্দুল ওহাব মিয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ে ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্পের প্রকল্প পরিচালক শিরীন আখতারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আব্দুল হামিদ ও রাজউকের সদস্য এফএম আব্দুল মোনায়েমকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি নিয়োগ করা হয়।
ওএসডি থেকে পদায়ন পাওয়া যুগ্ম-সচিবদের মধ্যে তাজুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ে, কাজী সালাহ উদ্দিন আকবরকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ও আমিনুল ইসলামকে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া পদায়ন ও প্রেষণে নিয়োগ পাওয়া যুগ্ম-সচিবদের মধ্যে সাইফ উদ্দিনকে বিসিকের পরিচালক, আব্দুল আউয়ালকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য, মীর খুরশিদ আনোয়ারকে বিসিআইসির পরিচালক, সৈয়দ আহমেদকে বিএডিসির সদস্য পরিচালক, মো. ইউসুফকে বিআইডব্লিউটিসি'র পরিচালক, দেলওয়ার হোসেন, ইরতিজা আহমেদ চৌধুরী ও আকবর হোসেনকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, মো. আখতারুজ্জামানকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য, আব্দুল কাদেরকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের (পর্যায়-২) প্রকল্প পরিচালক, আনোয়ারা বেগমকে প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক, মিজানুর রহমানকে ব্যান্সডকের পরিচালক, রীতা সেনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক, হোসনে আরা বেগমকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক, সামেনা বেগমকে পর্যটন করপোরেশনের পরিচালক, বিএম কামালকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য, নরেশ চন্দ্র ঘোষকে প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের সদস্য, তহমিনা বেগমকে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব, আবদুন নূরকে আইডিবি সাহায্যপুষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক, জামাল আব্দুল নাসেরকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আতাউল হক মোল্লাকে বিআইডব্লিউটিসি'র পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হানিফকে বস্ত্র পরিদপ্তরের পরিচালক এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য আহমদ হোসেনকে নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২১১৭ঘ.
bdnews24