২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে একই পরিবারের চারজনকে হত্যা

জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকার চরে শনিবার রাতে একই পরিবারের চারজন খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

জামালপুর, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকার চরে শনিবার রাতে একই পরিবারের চারজন খুন হয়েছেন। রোববার সকালে একজনের লাশ কাঁঠাল গাছে ঝুলন্ত এবং অপর তিনজনের লাশ বিছানায় লেপ দিয়ে ঢাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- শাহজাহান আলী (৪৫), তার স্ত্রী সবুজা খাতুন (৩৫), ছেলে সোহান (৫) ও দেড় বছরের মেয়ে সুজেদা। ঘটনার পর থেকে শাহজাহানের তিন ভাই সামাদ, সূর্যল ও গুলজারসহ বাড়ির সবাই পলাতক রয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপির চেয়ারম্যান মাকসুদুর রহমান আনছারী জানান, শাহজাহানের সঙ্গে জমিজমা নিয়ে তার ভাই সামাদ ও সূর্ঘলের বিরোধ চলে আসছিল। এলাকাবসীর ধারণা এ বিরোধের জের ধরে শাহজাহান ও তার স্ত্রী-সন্তানকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, "খুনের খবর পেয়ে রোববার সকালে আমি ওই বাড়িতে যাই। শাহজাহানের লাশ কাঁঠাল গাছে ঝুলন্ত এবং অপর তিনজনের লাশ বিছানায় লেপ দিয়ে ঢাকা অবস্থায় দেখি।" ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে ইসলামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি বলেন, "হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।" এখনও কোনো মামলা বা কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানান এসআই মনিরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৫ ঘ.