ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের কটাক্ষ করে কবিতা লেখার অভিযোগে দায়ের হওয়া মানহানি মামলার আসামি সাবেক তথ্য সচিব আ ত ম ফজলুল করিম (আবু করিম) আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
রোববার দুপুর দুইটায় আবু করিম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী কাইয়ুম খান ও সৈয়দ আহমেদ গাজীর মাধ্যমে জামিন চান।
মহানগর হাকিম কণিকা বিশ্বাস ৫০ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। একই হাকিম গত ২ মার্চ আবু করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
এই মামলা দায়ের হওয়ার পরের দিনই এই আ ত ম ফজলুল করিমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
গত ২২ ফেব্র"য়ারি আবু করিমকে অভিযুক্ত করে এই আদালতে মামলা করেছিলেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াচ হোসাইন বিন হেলালী।
রোববার আদালতে মামলার শুনানির সময় আবু করিমের আইনজীবীরা বলেন, কাউকে আঘাত করে অসৎ উদ্দেশ্যে আবু করিম কবিতা লিখেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/পিবি/কিউএইচ/এইচএ/১৯৫৮ঘ.
bdnews24