২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সঠিক' তথ্য দিতে বিডিআর স্বজনদের সহায়তা চাইলেন মহাপরিচালক মইনুল

বিদ্রোহের ঘটনার 'সঠিক' তথ্য দিতে বিডিআর সদরদপ্তরে কর্মরত সদস্যদের কাছে চিঠি লিখতে তাদের স্বজনদের অনুরোধ করেছেন বিডিআরের নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনার 'সঠিক' তথ্য দিতে বিডিআর সদরদপ্তরে কর্মরত সদস্যদের কাছে চিঠি লিখতে তাদের স্বজনদের অনুরোধ করেছেন বিডিআরের নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেন। রোববার বিকালে ঝিগাতলা মোড়ের মূল ফটকের কাছে অপেক্ষমান বিডিআর সদস্যদের স্বজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সাংবাদিকদের উপস্থিতিতে মইনুল হোসেন তাদের উদ্দেশে বলেন, "আপনারা অপনার সন্তান, ভাই বা যারাই ভেতরে আছে তাদের কাছে 'সঠিক তথ্য দিয়ে দাও' বলে চিঠি লিখুন। তাদের এই আলোচিত ঘটনার উদঘাটনে তদন্তকারী সংস্থাকে সহায়তা করতে বলুন, তাদের উপদেশ দিন, চিঠি লিখে উৎসাহিত করুন।" মহাপরিচালক আরো বলেন, "আপনারা যে চিঠি দেবেন তা সংশ্লিষ্ট বিডিআর সদস্যর কাছে পৌঁছে দেওয়া হবে। তাদের চিঠিও আপনাদের কাছে দেওয়া হবে। এজন্য তাদের কাছে কাগজ কলম দেওয়া হয়েছে।" সবাই এ বিদ্রোহের সঙ্গে জড়িত নয়- জানিয়ে মইনুল বলেন, "এটা সত্য যে আমরা এখনো পাঁচ জন সেনা কর্মকর্তার সন্ধান পাইনি। তাদের সন্ধানে আমরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ভেতরে যে সব বিডিআর সদস্য আছে তারা কেউ এখন পর্যন্ত এ ব্যাপারে তথ্য দিচ্ছেনা।" তিনি অপেক্ষায়মান আত্মীয়স্বজনদের কাছে প্রশ্ন রেখে বলেন," পিলখানায় যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তাদের কি হওয়া উচিত?" উপস্থিত সবাই তখন বলে উঠেন, শাস্তি হওয়া উচিত তবে নিরাপরাধ যেনো কেই শাস্তি না পায়। বিডিআর মহাপরিচালক জানান, লাইন (থাকার জায়গা) গুলোতেও ছড়িয়ে ছিটিয়ে অস্ত্র, গ্রেনেড ছিল। তাদের ভেতরে নেওয়ার পর প্রথমে সেখানে নেওয়া হয়নি। সেখানে নেওয়া হলে কেউ সেসব অস্ত্র, গ্রেনেড নিয়ে দুর্ঘটনা ঘটাতেও পারতো। আর এজন্য এগুলো পুরোপুরি পরিস্কার করা হচ্ছে। আস্তে আস্তে তাদের সেখানেও নেওয়া হচ্ছে। উপস্থিত এক অভিভাবক মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করলে মহাপরিচালক তা নাকচ করে দিয়ে বলেন, "দেখি আমরা আপনাদের ইন্টারকমের মাধ্যমে সে ধরণের সুযোগ করে দিতে পারি কিনা।" সেখানে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান,ঘটনার দিনে ৭ থেকে ৮ হাজার বিডিআর সদস্য ছিল। তবে এই হিসাব এখনো চুড়ান্ত হয়নি। তাছাড়া বিপুল সংখ্যক বিডিআর সদস্য পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/২০০০ ঘ.