২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর পানি সংকট এ বছরও কাটছে না

গ্রীষ্ম শুরু হতে না হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। সংকট উত্তরণে নেই আশার বাণী। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে- সংকট থেকে যাবে এবছরও, আগামী বছর নিয়েই ভাবছেন তারা। তবে সংশ্লিষ্টরা বলছেন, কেবল বিদ্যুৎ সমস্যার সমাধান হলেই পানি সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্ম শুরু হতে না হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। সংকট উত্তরণে নেই আশার বাণী। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে- সংকট থেকে যাবে এবছরও, আগামী বছর নিয়েই ভাবছেন তারা। তবে সংশ্লিষ্টরা বলছেন, কেবল বিদ্যুৎ সমস্যার সমাধান হলেই পানি সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রায়হানুল আবেদীন বলেন, "পানি সংকটের প্রধান কারণ বিদ্যুৎ। দিনে সাত আটবার বিদ্যুৎ যাচ্ছে। তাই পানি তোলা যাচ্ছে না।" তিনি জানান, ঢাকা ওয়াসার আওতাধীন এলাকায় প্রতিদিন ২০৫ কোটি লিটার বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে। ওয়াসা সরবরাহ করতে পারছে ১৯০ কোটি লিটারের মতো। আর ওয়াসার মোট সরবরাহ ক্ষমতা ১৯৪ কোটি লিটার। বিদ্যুৎ সমস্যা মিটলে এই ১১ কোটি লিটারের ঘাটতি মেটানো হবে কীভাবে-জানতে চাওয়া হলে রায়হানুল বলেন, "সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।" সংকটের চিত্র রোববার নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে পানি সংকটের চিত্র। মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, পর্বতা ও পুর্ব মনিপুরে পানি সংকটের তীব্রতায় ক্ষুব্ধ নাগরিকরা। শেওড়াপাড়ার সাইফুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে রাত ১২টার পর ঘণ্টা দুয়েকের জন্য পানি আসে তাদের এলাকায়। পানির প্রবাহও থাকে কম। এরমধ্যে কোন কোন রাতে পানি সরবরাহও থাকে না বলে অভিযোগ করেন তিনি। ভূতেরগলি নর্থরোডের অ্যাডভোকেট হাফিজা বেগম জানান, গত দুই সপ্তাহ ধরে ওই এলাকার পানিতে তীব্র গন্ধ। পানি অত্যন্ত ঘোলা, সেদ্ধ করার পরও পানি পানের উপযোগী হয় না। একই অভিযোগ করলেন, কাজীপাড়া এলাকার সানিয়া সিরাজ। তিনি জানান, পানি সংকটের কারণে বাড়ি ওয়ালার সঙ্গে ভাড়াটেদের প্রায়ই বাকবিতণ্ডা হচ্ছে। সরবরাহ লাইনে পানি না থাকার কারণেই এ সংকট বলে বাড়ির মালিকের কিছু করার নেই- তা বুঝেও বারবার পানির জন্য তাগাদা দিতে হয়। ওয়াসার বক্তব্য ওয়াসার জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা ও পুর্ব মনিপুরে পানির সংকট দেখা দিয়েছে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, ঢাকা ওয়াসার মোট ৫০৪টি গভীর নলকুপ রয়েছে। এরমধ্যে ২৩৩টিতে বিদ্যুৎ চলে গেলে পানি উত্তোলনের জন্য স্থায়ীভাবে জেনারেটর স্থাপন করা আছে। এছাড়া জরুরি ব্যবহারের জন্য রয়েছে ৪১টি মোবাইল জেনারেটর। বিদ্যুৎ না থাকা অবস্থায় পানির উত্তোলন বাড়ানোর জন্য ৭৫টি স্থায়ী এবং ৫০টি মোবাইল জেনারেটর কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে ওয়াসার জনসংযোগ বিভাগ জানিয়েছে। এছাড়া আরো ১০টি গভীর নলকূপ স্থাপন, পাঁচটিতে নতুন পাম্প প্রতিস্থাপন করার কাজ এগিয়ে চলছে। এ কাজ সম্পন্ন হলে প্রতিদিন ৫ কোটি ৬০ লাখ লিটার পানি উত্তোলন বাড়বে। সমাধানে সরকারি বৈঠক এদিকে রোববার সকালে ঢাকা ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "ঢাকা শহরে পানির স্তর নীচে নেমে গেছে। তবে পানি সংকট মোকাবিলার চেষ্টা করছি আমরা।" রাজধানীতে এ মৌসুমে সুপেয় পানির সংকট কিছুটা থেকেই যাবে জানিয়ে তিনি বলেন, "আগামী বছর যাতে কোনো সংকট না হয় সে ব্যবস্থা আমরা করবো।" ডেসকো ও ডিপিডিসির আওতাধীন এলাকায় প্রতিদিন ১৫০০ মেগাওয়াটের বেশি বিদ্যুতের চাহিদা থাকলেও গড়ে ১০০০ থেকে ১২০০ মেগাওয়াট সরবরাহ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এইচএ/১৯১২ঘ.