ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সফররত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুয়েরেরো রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এ সময় শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ, সামাজিক উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাত, নদী ভাঙন রোধ এবং নদী খননে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চান।
বিশ্ব ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুয়েরেরো তখন এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস দেন।
আবুল কালাম আজাদ আরো জানান, সাক্ষাতে আওয়ামী লীগের বিপুল বিজয় ও শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান ইসাবেল এম গুয়েরেরো। তিনি বিডিআর সদরদপ্তরে ঘটে যাওয়া ঘটনার জন্য শোক প্রকাশ করেন এবং দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় শেখ হাসিনার প্রশংসা করেন।
ইসাবেল এম গুয়েরেরো প্রধানমন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে তার সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়াও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
ইসাবেল এম গুয়েরেরোর সঙ্গে ছিলেন বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি শিয়েন জু।
তিনদিনের সফরে শনিবার ঢাকা এসেছেন ইসাবেল এম গুয়েরেরোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৫১৮ ঘ.
bdnews24