ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডে জড়িতদের কঠিন থেকে কঠিনতর শাস্তির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্যই বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, " '৭৫-এর পর সেনা সদস্যদের রক্ত মাড়িয়ে যারা ক্ষমতা দখল করেছে তাদের খেলা চলছে। তাদের খেলা এখনো শেষ হয়নি।
"দেশবাসীকে সতর্ক থাকতে হবে, সংঘাত এড়াতে হবে। কোনো বিভ্রান্তিমূলক কথায়ই বিভ্রান্ত না হয়ে, গুজবে কান না দিয়ে দেশের এই গভীর সংকটে ধৈর্য্য সহকারে এগিয়ে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
৭ই মার্চ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শনিবার বিকালে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, "আপনি বলেছেন, আপনার কাছে এই ঘটনার আলামত আছে। এই আলামতগুলো তদন্ত কমিশনের কাছে তুলে দেওয়ার জন্য আমি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি।"
নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, " '৭৫-এ বাবা, মা ভাইসহ পরিবারের ১৮ জনকে আমি হারিয়েছি। আমি এই পরিবারগুলোর ব্যথা-বেদনা বুঝি।
"আমি সরকার প্রধান হিসাবে তাদের (সেনা কর্মকর্তাদের) বাচাঁনোর চেষ্টা করেছি। কিন্তু, মানুষ যে এতো নিষ্ঠুর ও পৈশাচিক হয় তা চিন্তাও করা যায় না।"
বিডিআর সদরদপ্তরে ২৫ ও ২৬ ফেব্র"য়ারির ঘটনা স্মরণ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, "তখন আমার প্রধান চিন্তা ছিলো মানুষকে বাঁচাতে হবে। অন্যদিকে, সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করতে হবে।
"আমি তিন বাহিনীর প্রধানকে ডেকেছি। তাদের সঙ্গে আলোচনা করেছি। ৪৩ জন অফিসারকে রক্ষা করেছি। পরিবারগুলোকে রক্ষা করেছি।"
বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি বলেন, জাতির এই দুঃসময়ে যখন সবার সহনশীল থাকা উচিত, তখন উস্কানি দিয়ে আরেকটা ঘটনা ঘটানো দেশের জন্য মঙ্গলজনক হবে না। যারা গৃহযুদ্ধ বাধাতে চেয়েছিলো তাদের পক্ষেই উস্কানি দেওয়া সম্ভব।
সংঘাতের পথ পরিহার করে সবাইকে সংযত হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ যখন একটু স্বস্তি পাচ্ছিল তখনই এই ঘটনা ঘটলো।
তিনি পিলখানার ঘটনা কেন ঘটলো তা ভেবে দেখতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার পুনরায় শুরু, ১০ ট্রাক অস্ত্রের তদন্ত ও ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্তে যখন অনেকের নাম বেরিয়ে আসছে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সবাই সোচ্চার তখনই পিলখানার ঘটনা কেন ঘটলো ?"
তিনি বলেন, জাতিকে বুঝতে হবে। উপলব্ধি করতে হবে। সজাগ ও সচেতন থাকতে হবে।
কারো নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, পরাজয়ের জ্বালা তো অনেক ব্যাপক। তাদের যন্ত্রণার আগুনে দেশের মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে মারার ষড়যন্ত্র কেনো ?
নতুন সরকারের ৫০ দিনের মাথায় বিডিআর সদরদপ্তরের মতো ঘটনা পুরো দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারতো বলে দাবি করেন শেখ হাসিনা।
তিনি প্রশ্ন রাখেন, "দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করাই আমরা অপরাধ হয়ে গেলো ? এখন নানা কথা বলা হচ্ছে।"
আলোচনা সভায় তোফায়েল আহমদ বলেন, দু'টি সুসজ্জিত ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাত হলে কী হতো ? তা পুরো দেশে ছড়িয়ে পড়তো। প্রধানমন্ত্রী দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেননি।
শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও মহিউদ্দিন খান আলমগীর, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. খন্দকার বজলুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১১৬ঘ.
bdnews24