২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য ও দলীয় নেতাদের নিয়ে শনিবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 04:52 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য ও দলীয় নেতাদের নিয়ে শনিবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পাকিস্তানী শোষণ আর নিপীড়নের যাঁতাকলে নিষ্পেষিত বাঙালিকে মুক্তির লড়াইয়ে প্রস্তুত হওয়ার জন্য ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকাল ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের নিয়ে আরেকবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল পুষ্পস্তবক অর্পণ করেন হাসিনা। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ফুল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তা প্রতিহত করতে হবে।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা। ৯ মাস মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীর করেছি। কিন্তু দুর্ভাগ্য এখনো আমাদের রক্ত দিতে হচ্ছে। কবর খুঁড়ে সেনা কর্মকর্তাদের লাশ খুঁজে বের করতে হচ্ছে। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবন্ধ ভাবে তা রুখে দাঁড়াতে হবে।" দিবসটি উপলক্ষে এর আগে সকালে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও দেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতি লীগসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন এবং সমর্থক সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এজে/এমডি/১০৪২ ঘ.