ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআরের ঘটনার প্রেক্ষাপটে জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়।
শুক্রবার স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীকে প্রধান করে ১১ সদদ্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি দীর্ঘমেয়াদের জন্য সংসদ ভবনের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবে।
সংসদ ভবনে সভা শেষে ডেপুটি স্পিকার শওকত আলী বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "সাংসদদেরকে আর্চওয়ে দিয়ে সংসদ ভবনে ঢুকতে হবে। ঢোকার পথে কঠোর নজরদারি থাকবে।"
সংসদ ভবনের পাশের টানেলে গাড়ি রাখার ব্যাপারেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে বলে জানান তিনি।
শওকত আলী বলেন, "সাংসদ ও মন্ত্রীদের গাড়িসহ কোনো গাড়িই ওই টানেলে পার্ক করতে দেওয়া হবেনা। সব গাড়ি পার্ক করতে হবে পার্কিং এলাকায় । তাছাড়া ভিআইপি ও ভিভিআইপিদের কোনো গানম্যানকে সংসদ ভবনে ঢোকার অনুমতি দেওয়া হবেনা।"
সভায় সংসদ ভবনের ভেতরে দর্শনার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে আগামী সোমবারের বৈঠকে আলোচনা হবে বলে তিনি জানান।
আগামী সোমবার বেলা ১১ টায় কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
বর্তমানে সাংসদরা একটি আর্চওয়ে দিয়ে সংসদ ভবনে প্রবেশ করে থাকেন। তবে নিরাপত্তা কর্মীদের আপত্তি উপেক্ষা করে প্রায়ই প্রভাবশালী ব্যক্তিরা সাংসদদের প্রবেশপথ ব্যবহার করে সংসদ ভবনে ঢোকেন।
সাংসদ ও মন্ত্রীদের অধিকাংশ গাড়ি চালকরা গাড়ি রাখার স্থান হিসেবে সংসদ ভবনের পাশের টানেলটিই ব্যবহার করে থাকেন।
ডেপুটি স্পিকার শওকত আলী জানান, ১১ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন- চিফ হুইপ, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (আইন), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, সার্জেন্ট-অ্যাট-আর্মস এবং এনএসআই, র্যাব, ডিএমপি, এসএসএফ ও এসবি'র একজন করে সদস্য।
শুক্রবারের বৈঠকে অন্যান্যের মধ্যে হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, র্যাব ও এনএসআই এর মহাপরিচালক এবং ডিএমপি, এসএসএফ ও এসবি'র একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/এইচএ/২২২৯ঘ.
bdnews24