ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - গাইবান্ধার সাদুল্লাপুরে বৃহস্পতিবার রাতে বার্ড ফ্লু আক্রান্ত ৪৫৩টি হাঁস-মুরগি-কবুতর নিধন করা হয়েছে। একই রাতে নেত্রকোনার কেন্দুয়ায় একটি মুরগি খামারে ১৬০০টি বার্ড ফ্লু আক্রান্ত মুরগি মেরেছে জেলা পশুসম্পদ বিভাগ। (আরও তথ্যসহ)
বিডিনিউজ ২৪ ডটকম গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আবারও বার্ড ফ্লু ধরা পড়েছে। এ কারণে বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রামে ৪৬টি পরিবারের ৪৫৩টি হাঁস-মুরগি-কবুতর নিধন করা হয়। নষ্ট করা হয় ১৫টি ডিম।
গত ২৮ ফেব্র"য়ারি রাতে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর হাসপাতালের মালি আনোয়ারের বাসায় বার্ড ফ্লু আক্রান্ত মুরগি পাওয়া যায়। তখন ১৮৮টি হাঁস-মুরগি-কবুতর নিধন এবং ৬০টি ডিম নষ্ট করা হয়।
সাদুল্লাপুর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, উপজেলার উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রামের আব্দুল হান্নানের ১৮টি মুরগি গত ৩ ও ৪ মার্চ মারা যায়। গাইবান্ধা আঞ্চলিক পশুরোগ গবেষণা পরীক্ষাগারে ওই মৃত মুরগির নমুনা পরীক্ষায় বার্ড ফ্লু (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) শনাক্ত হয়।
এরপর বৃহস্পতিবার রাতে আব্দুল হান্নানের বাড়ির চারদিকে আধা কিলোমিটার এলাকাজুড়ে ৪৬টি পরিবারের ৩৫৯টি মুরগি, ৮২টি হাঁস ও ১২টি কবুতর নিধন এবং ১৫টি ডিম নষ্ট করা হয়।
এ সময় গাইবান্ধা জেলা পশু সম্পদ কর্মকর্তা মোকারম হোসেন, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ, থানার উপ-পরিদর্শক মফিজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তম কুমার আরও বলেন, "ঝুঁকিপূর্ণ এই এলাকায় আগামী তিন মাস হাঁস-মুরগি-কবুতর পালন না করতে পরামর্শ দেওয়া হয়েছে।"
নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার কেন্দুয়া উপজেলার একটি মুরগি খামারে বার্ড ফ্লু দেখা দেওয়ায় বৃহস্পতিবার রাতে ১৬০০ মুরগি নিধন এবং ২০৪টি ডিম নষ্ট করা হয়েছে।
জেলা পশু সম্পদ কর্মকর্তা ড. তমিজ উদ্দিন বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, কেন্দুয়ায় রাসেল আহমেদ খান নামে এক ব্যবসায়ীর 'রামপুর পোল্ট্রি ফার্ম'-এ গত ৩ মার্চ থেকে মুরগি মরতে শুরু করে। নেত্রকোনা পশুসম্পদ অফিসে মৃত মুরগির নমুনা পরীক্ষা করে বার্ড ফ্লু (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) শনাক্ত করা হয়।
তিনি বলেন, "বিষয়টি প্রশাসনকে জানানোর পর জেলা প্রশাসক মোফাজ্জেল হোসেনের নিদের্শে পশুসম্পদ বিভাগ বৃহস্পতিবার রাতেই ওই খামারের সব মুরগি নিধন এবং ডিম নষ্ট করে।"
বার্ড ফ্লু পরীক্ষার জন্য নেত্রকোনায় কিট বক্স থাকায় দ্রুত এ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি।
খামারটির ২/৩ কিলোমিটারের মধ্যে আর কোনো হাস-মুরগিী খামার নেই বলেও জানান তিনি।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24