নোয়াখালী, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - নৌ-ঘাটের পন্টুনের দখল নিয়ে শুক্রবার নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচরে দুই ইজারাদারের লোকজনের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ট্রলার চলাচল বন্ধ করে দিলে ঘাটে দুই থেকে আড়াইশ যাত্রী আটকা পড়ে যায়। পরে যাত্রীদের অনুরোধে আবার ট্রলার চলাচলের অনুমতি দেওয়া হয়।
আহতদে মধ্যে মো. সেলিম (৩৬), আকবর (২৮), সেলিম (২২), বেল্লাল (২৮), দুলাল মিয়া (২৭), সাইফুল (২৬) ও মো. কামাল উদ্দিন (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই ঘাটের শ্রমিক। আহত পুলিশ কনস্টেবল কুতুবুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় শাহেদ (৪০), হোরন (৩৬) ও রাজা (৩৫) নামে তিন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাতিয়ার চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল জানান, ট্রলারে করে যাত্রী পারাপার নিয়ে শুক্রবার সকাল ৬ টায় হাতিয়ার বয়ারচরে নৌ-ঘাটের পন্টুনের ইজারাদার ফিরোজ খানের লোকজনের সঙ্গে সী-ট্রাকের ইজারাদার খোকন হাজীর (মিনি খোকা) লোকজনের সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালে চিকিৎসাধীন কামাল সাংবাদিকদের জানান, ঘাটে বৈধ শ্রমিক সংগঠন থাকার পরও ইজারাদার ফিরোজ খান বহিরাগত শ্রমিক দিয়ে ঘাট পরিচালনা করে আসছেন। দীর্ঘদিন দেনদরবার করেও কাজের সুযোগ না পেয়ে তারা শুক্রবার ভোরে ফিরোজ খানের নিয়োগ করা শ্রমিকদের পন্টুন থেকে তাড়িয়ে দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ এসে তাদের লাঠিপেটা করে।
পন্টুনের ইজারাদার ফিরোজ খান দাবি করেন, শ্রমিকদের লাল জামা পরে পন্টুনে কাজ করার নিয়ম রয়েছে। কিন্তু সী-ট্রাকের ইজারাদারের লোকজন নিজেদেরকে শ্রমিক পরিচয় দিলেও তারা লাল জামা গায়ে দিতে অস্বীকার করে। এ নিয়ে বাগবিতণ্ডার জের ধরে তারা বৈধ শ্রমিকদেরকে পিটিয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24