ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - দু'টি লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীতে শুক্রবার।
এর মধ্যে এক মহিলার লাশ উদ্ধার করা হয় বিমানবন্দরের টার্মিনাল ভবনে ফেলে রাখা বিশাল আকারের একটি ব্যাগ থেকে। আনুমানিক ২৬ বছরের এই মহিলার পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।
এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় গণপিটুনিতে এক ছিনতাইকারি নিহত হয়ছে। তারও পরিচয় পুলিশ জানতে পারেনি।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. সিরাজুল ইসলাম জানান, মহিলার লাশটি একটি লাগেজের ভেতর ছিল। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। এাছাড়া মুখে গামছা ও হাত দুটো তার দিয়ে বাধা ছিল।
তিনি ধারনা করছেন ফাঁস দিয়ে হত্যার পর গুম করার জন্য একটি ব্যাগে ভরে লাশটি বিমান বন্দরে ফেলে রাখে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ভোর ৬ টার দিকে বিমানবন্দরের দ্বিতীয় তলার বহির্গমন র্টামিনালের ৩ নম্বর গেটে একটি ট্রলির ওপর বড় আকারের একটি ব্যাগ পড়েছিল। ঘটনাস্থলে কর্মরত আনসার সদস্যরা লাগেজটি দেখেন। কিন্তু বিদেশগামী যাত্রীদের লাগেজ এখানে হরহামেশাই ট্রলির উপর থাকায় তারা কোন সন্দেহ করেননি।
তিনি আরো বলেন, অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও ব্যাগটি কোন যাত্রী না নেয়ায় বহির্গমন র্টামিনালে দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহ হয়। তারা ব্যাগটি সরানোর চেষ্টা করেন। ওজন বেশি হওয়ায় সরানো সম্ভব হয়নি।
এরপর আনসার সদস্যরা দুপুর ১২টার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে লাগেজের কথা জানান বলে উল্লেখ করে তিনি বলেন, তাৎক্ষনিকভাবে বিমান চলাচল কতৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা লাগেজটি উদ্ধার করে স্ক্যানিং করে দেখেন যে এর ভেতর লাশ রয়েছে।
পরে কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে তিনি জানান।
লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো। তার পরনে ছিল লাল-কালো চেকের সালোয়ার কামিজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার চরকালীঞ্জের বড়ইতলা এলাকায় চার ছিনতাইকারি শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারীর টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার সময় আশপাশের লোকজন চীৎকার শুরু করলে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে জসীম (২৫) নামে এক নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন।
এরপর ধাওয়া করে এলাকাবাসী এক ছিনতাইকারিকে পাকড়াও করে গণপিটুনি দেয়। পরে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ--পরিদর্শক কবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটা রিভলবার, এক রাউন্ড গুলি ও তিনটা গুলির খোসা উদ্ধার করেছে।
আহত নিরাপত্তাকর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/টিআর/২০২৫ ঘ.
bdnews24