২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীলু আবেদ কারুশিল্প পুরস্কার পেলেন তিন দারুকর্ম শিল্পী

এ বছর শীলু আবেদ কারুশিল্প পুরস্কার পেয়েছেন তিন দারুকর্ম শিল্পী। বরিশালের আগৈলঝারার আদিত্য কুমার ঘটককে শ্রেষ্ঠ দারুশিল্পীর পুরস্কার দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 01:06 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - এ বছর শীলু আবেদ কারুশিল্প পুরস্কার পেয়েছেন তিন দারুকর্ম শিল্পী। বরিশালের আগৈলঝারার আদিত্য কুমার ঘটককে শ্রেষ্ঠ দারুশিল্পীর পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিশেষ সম্মাননা পান গোপালগঞ্জের সিলভেস্টার প্রশান্ত বাড়ৈ ও সোনারগাঁয়ের আব্দুল আউয়াল মোল্লা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর সৌজন্যে জাতীয় কারুশিল্প পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে এক অনুষ্ঠানে এই তিন দারু শিল্পীর হাতে শীলু আবেদ কারুশিল্প পুরস্কার-২০০৯ তুলে দেওয়া হয়। কারুশিল্প পরিষদের সভাপতি শাহিদ হোসেন শামীমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শীলু আবেদের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন প্রফেসর ফরিদা হক। এছাড়া জাতীয় যাদুঘরের পরিচালক ড. জিনাত মাহরুখ বানু, কারুশিল্প পরিষদের সাবেক সভাপতি মোহাম্মাদ সিরাজুদ্দিন, সহসভাপতি চন্দ্রশেখর সাহা, শীলু আবেদ মেমোরিয়াল ট্রাষ্ট-এর পক্ষে রফিকুল ইসালাম, খালেদ মাহমুদ খান প্রমুখ বক্তব্য রাখেন। এ উপলক্ষ্যে ব্র্যাক ইন-এ দারুশিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারের জন্য সারাদেশ থেকে ১৯ জন শিল্পীর ৭৬টি শিল্পকর্ম জমা পড়ে। এবারের বিষয়বস্তু ছিল দারু ও কাঠখোদাই শিল্প। অংশগ্রহনকারী প্রতিযোগীদের মধ্য থেকে সেরা শিল্পীকে ৬৫ হাজার টাকা ও স্মারক এবং সম্মাননাপ্রাপ্তদের সনদপত্র ছাড়াও যথাক্রমে ২৫ ও ১০ হাজার টাকা প্রদান করা হয় । আগামী বছর এ পুরস্কার দেওয়া হবে মৃৎপাত্রে শিল্পকর্মের ওপর। কারুশিল্পের অগ্রপথিক শীলু আবেদের ৫ মার্চের জন্মদিনকে কেন্দ্র করে কারুশিল্প পরিষদ প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত ৩৭ জন শিল্পীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এইচএ/১৯০৫ঘ.