২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্গঠিত কমিটি দিয়ে বিডিআরের ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে না : বিএনপি

সরকারের পুনর্গঠিত তদন্ত কমিটি দিয়ে বিডিআর বিদ্রোহের নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় বলে মনে করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- সরকারের পুনর্গঠিত তদন্ত কমিটি দিয়ে বিডিআর বিদ্রোহের নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় বলে মনে করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। সেইসঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিডিআরের ঘটনার রহস্য উদঘাটনে একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, "এ রকম কঠিন সময়েও সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে চাচ্ছে না। এ হত্যাযজ্ঞের পর সরকারের উচিৎ ছিল বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনা করা। কিন্তু প্রধানমন্ত্রী তা করেননি।" বিএনপির এই দুই জ্যেষ্ঠ নেতা শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। মওদুদ বলেন, "সরকারের পুনর্গঠিত তদন্ত কমিটি দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। বরং একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে সর্বদলীয় তদন্ত কমিটি হলে তা সকলের কাছে গ্রহযোগ্যতা পাবে ও সুষ্ঠু তদন্ত হবে।" সর্বদলীয় তদন্ত কমিটিতে সুশীল সমাজের প্রতিনিধি, সেনাবাহিনী ও বিডিআরের প্রতিনিধিও থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "এটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র ছিল। সরকারের উচিৎ সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চি‎ি‎হ্নত করা।" সর্বদলীয় তদন্ত কমিটির পক্ষে যুক্তি দেখিয়ে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী ও পরে একজন অবসরপ্রাপ্ত সচিব দিয়ে সরকার তদন্ত কমিটি করেছে। তারা দুই জনই সরকারের লোক। এ রকম তদন্তে সরকারের প্রভাবমুক্ত থাকা তাদের পক্ষে সম্ভব নয়। সে জন্যই একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি হলে তা সঠিক তদন্তের পথে যেতে সহজতর হতে পারে।" তিনি বলেন, পিলখানার ঘটনার তদন্তে অবশ্যই কেবল বিডিআর সদস্যদেরই নয়, বাইরে থেকে তাদের ইন্ধনদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে। সরকারকে পরামর্শ দিয়ে মওদুদ বলেন, "এ নিয়ে সরকারের রাজনীতি করা উচিৎ নয়। এটা করলে সরকার ভুল করবে। আমি মনে করি, এ ঘটনাকে নিয়ে দোয়ারোপের রাজনীতি পরিহার করা উচিৎ। কারণ এর সঙ্গে দেশ ও ১৫ কোটি মানুষের স্বার্থ জড়িত।" তিনি বলেন, "কারা নির্মম পৈশাচিক ঘটনা ঘটিয়ে আমাদের নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীকে দূর্বল করতে চেয়েছে, তা খুঁজে বের করতে হবে।" ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, "পিলখানার ঘটনার মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনী ও বিডিআরকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। এটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তথা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি কঠিন হুমকি। এই ঘটনাকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। এ জন্য আমরা এ ঘটনার রহস্য উদঘাটনে সঠিক তদন্ত চেয়েছি।" মওদুদ আহমেদের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, "প্রকৃত অপরাধীদের অবশ্যই সনাক্ত করে কঠোরতম শাস্তির বিধান করতে হবে। অপরাধী যত বড় শক্তিশালী ও প্রভাবশালী হোক তাদের খুঁজে বের করতে হবে।'' বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এজে/এইচএ/১৭১৬ঘ.