২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জনতার মঞ্চ' মামলার দায়মুক্ত হলেন সাত আসামি

'জনতার মঞ্চ' মামলার দায় থেকে সাবেক সচিব আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরসহ সাত জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- 'জনতার মঞ্চ' মামলার দায় থেকে সাবেক সচিব আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরসহ সাত জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু'র আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাম্মৎ ফজিলা বেগম এ আদেশ দেন। অব্যাহতি পাওয়া বাকিরা হলেন- সাবেক সচিব শফিউর রহমান, যুগ্ম সচিব সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব রবিউল আলম মো. উবায়দুল মুক্তাদির আহমেদ চৌধুরী, উপ প্রেস সচিব মো. আবু আলম শহীদ খান, সাবেক পুলিশ সুপার সৈয়দ ফজলুল করিম, সৈয়দ মহিউদ্দিন। মহানগর পাবলিক প্রসিকিউটর অব্যাহতির আবেদনে বলেন, "সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছিল। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সরকার এ মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।" ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি তৎকালীন বিএনপি সরকার বিতর্কিত এক তরফা নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতাসীন হলে সচিবালয়সহ সারা দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রতিবাদমুখর হয়ে ওঠেন। সে সময় জাতীয় প্রেসক্লাবের সামনে 'জনতার মঞ্চ' তৈরি করে আন্দোলন শুরু হয়। দেশব্যাপী আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় বিএনপি জোট। তবে পরের বার ২০০১ সালে বিএনপি জোট ক্ষমতায় এসে 'জনতার মঞ্চ' এর সংগঠক আট সরকারি আমলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রমনা থানায় মামলা করে। বিডিনিউজ ২৪ ডটকম/পিবি/এএল/এসকে/২২৪৩ঘ.