চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভিতরে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হককে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটি তিনদিনের মধ্যে তদন্ত শেষ করে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেবে।
বৃহস্পতিবার সকাল থেকে কমিটি কাজ শুরু করেছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভিতরে বোমার বিস্ফোরণে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমানের ছেলে আল-আমিন (১০) মারা যায়। এএসআই রফিকুল ইসলামের ছেলে মামুন (৭) ও থানা সংলগ্ন দরগাপাড়ার মিঠুর ছেলে মেহেদী (১০) গুরুতর আহত হয়। এরা দুজন বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় করা তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহতাব উদ্দিন ও পুলিশের বিশেষ শাখার জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) শহীদার রহমান।
তদন্ত কমিটির অন্যতম সদস্য সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৬ ঘ.
bdnews24