২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া খনির অচলাবস্থা কাটেনি

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলনে সৃষ্ট অচলাবস্থা এখনো কাটেনি। সমস্যা সমাধানে খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের বেঁধে দেওয়া সময়সীমা বৃহস্পতিবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

দিনাজপুর, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)-- দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলনে সৃষ্ট অচলাবস্থা এখনো কাটেনি। সমস্যা সমাধানে খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের বেঁধে দেওয়া সময়সীমা বৃহস্পতিবার শেষ হয়েছে। গত ২৫ ফেব্র"য়ারি কয়লা উত্তোলন শুরু করার জন্য শ্রমিকরা খনি সংলগ্ন জিগাগাড়ি এলাকার দু'টি গর্ত বন্ধের কাজ করতে গেলে আগে ক্ষতিপুরণের দাবিতে এলাকাবাসী বাধা দেয়। এতে কয়লা উত্তোলনের কাজ বন্ধ হয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি তাদের বেঁধে দেওয়ার সময়সীমার শেষ দিন বৃহস্পতিবার খনির বাংলাদেশি শ্রমিকদের সাপ্তাহিক মজুির পরিশোধ করে তাদের চলে যেতে বলে। তবে খনি কর্তৃপক্ষের অনুরোধে শেষ পর্যন্ত আগামী রোববার পর্যন্ত শ্রমিকদের বিদায় করার বিষয়টি বিবেচনা করতে রাজি হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কয়লা উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। কয়লাভিত্তিক এ কেন্দ্রটি আর দেড় মাস চালু রাখার মত প্রায় এক লাখ মেট্রিক টন কয়লা মজুদ আছে। অচলাবস্থা নিরসনে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার শুক্রবার খনি এলাকায় আসছেন বলে তার একান্ত সহকারী মীর্জা আশফাক হোসেন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম খনি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিল কয়লা উত্তোলনের কাজ বন্ধ থাকলে তাদের পক্ষে শ্রমিকদের বসিয়ে বেতন দেওয়া সম্ভব নয়। অচলাবস্থা নিরসনে তারা বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। বৃহস্পতিবার ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশের ১২০০ শ্রমিকের সাপ্তাহিক মজুরি পরিশোধ করে শুক্রবার থেকে কাজে না আসতে বলে দেয়। খনিতে চীনের ২৩৮ জন শ্রমিক কাজ করছেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল মতিন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান শুক্রবার থেকে কাজে না আসতে বললে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে খনি কর্তৃপক্ষ সিএমসি-এক্সএমসি'র সঙ্গে তাৎক্ষণিক বৈঠকে বসে এবং আগামী রোববার পর্যন্ত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানায়। এতে রাজি হয় সিএমসি-এক্সএমসি। বড়পুকুরিয়া শ্রমিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "আমরা চাই আলোচনার মাধ্যমে একটি সমাধান। কয়লা উত্তোলন বন্ধ হলে আমাদের নিজেদের এবং দেশের ক্ষতির বিষয়টি সহকর্মীদের বোঝানোর পর তারা শান্ত রয়েছে। আমরা সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।" কয়লা খনির পরিচালক (প্রশাসন) কামরুজ্জামান জানান, কয়লা উত্তোলনের ফলে আবাদী জমি ও বাড়ি-ঘর দেবে যাওয়ায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সময়ে প্রায় ২৪ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ ৬০ একর বলে তিনি জানান। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২০৪৪ঘ.