মৌলভীবাজার, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম) - অটোরিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মৌলভীবাজার সদর উপজেলায় বৃহস্পতিবার সকালে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে আমির আলী (৪২), সোহেল আহমদ (২৫) ও সজ্জাদ মিয়াকে (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও ৪৫ জনকে ভর্তি করা হয়েছে মৌলভীবাজার সদর হাসপাতালে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শেরপুর বাজারে ভাড়া সিএনজি চালিত অটোরিকশার চালক শেরপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আবদুল কাইয়ুমের সঙ্গে বাহাদুরপুর গ্রামের রুমন ও রকিবের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ ঘটনায় সকাল ১১টার দিকে দাউদপুরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দাউদুপর ও বাহাদুরপুর ছাড়াও হামরকোনা, ব্রাহ্মণগ্রাম, নাদামপুর গ্রামের মানুষও জড়িয়ে পড়ে।
দুপুর ৩টা পর্যন্ত স্থায়ী সংঘর্ষে লাঠি সোটা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বলে বিডিনিউজ ২৪ ডটকমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
তিনি বলেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।"
আহতদের মধ্যে আছেন- আমির আলী (৪২), সোহেল আহমদ (২৫) ও সজ্জাদ মিয়াকে (৪৫), আইন উল্যাহ (২৮), ইছা মিয়া (৩৫), জসিম উদ্দিন (২২), মিনহাজ মিয়া (২৫), মো. আবদাল মিয়া (২৩), খাছন মিয়া (৪০), জাকির আহমদ (২৫), শহীদ মিয়া (২২), আবদুস শহীদ (২৮), নজরুল ইসলাম (২২), জিল্লুর রহমান (২৫), আবদুল হাই (২২), শামসুদ্দিন (৩৫), মোস্তাকিন উল্যাহ (৩৪), আছাদ আলী (১৮), কলমদর আলী (৩৫), বিদ্যা মিয়া (৪৫), আবিদ আলী (২৮), আশরাফ মিয়া (৩০), নজরুল ইসলাম খান (২৪), শামীম (২৫), মহসিন (২৫), জাকি (২০), ছুফি (২০), ছয়ফুল (২৮), সুরজান বিবি (৭০), আবদুল কাদির (৫০), দুদু মিয়া (৫০), শাহ আলম (২৭), ফারুক মিয়া (৪৫), আলাল ((২৫), সুমন ((২৩), শামসুল হক (১৮), ছালেক (২০), আবু মিয়া (২৫), আমিন উদ্দিন (৪৫), আবদুল হাই (২৭), বকুল (২৭), আবদুল মালিক (২৪), সাবু মিয়া (৫০), লিলু মিয়াসহ (২০)।
সংঘর্ষের ঘটনায় জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ ও জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে দুপক্ষের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
যুবলীগ নেতা ফজলুর রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "দুপক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।"
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24