২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চার খুনের মামলায় ১২ জনের যাবজ্জীবন

পাবনার আতাইকুলায় চার খুনের মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

রাজশাহী, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম) - পাবনার আতাইকুলায় চার খুনের মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার আদালতের বিচারক এটিএম মেসবাউদৌলা এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন- চাঁদ, হাসেন, উজ্জ্বল প্রামাণিক, আমজাদ, দুলাল, মোয়াজ্জেম, নজরুল, হারেজ, আলমগীর, ছাপ্পাই, মালেক ও আমীন। মামলার নথিতে দণ্ডপ্রাপ্তরা চরমপন্থী দলের সদস্য বলে উল্লেখ রয়েছে। মামলার সরকারি কৌসুলি (স্পেশাল পাবলিক প্রসিকিউটর) জাহাঙ্গীর আলম জানান, রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। তিনি জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর নয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- বকুল, ইদ্রিস আলী সরকার, আলতাফ মোল্লা, পন্টু, বায়েজিদ, ইউসুফ আলী মোল্লা, আলম, বাবু, নুরুল ইসলাম। মজিদ, জিয়াউর রহমান ওরফে বড় জিয়া, হান্নান, জাহিদ নামের চার আসামি বিভিন্ন সময় র‌্যাব-পুলিশের 'ক্রসফায়ারে' নিহত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ গঠনের শুনানিতে আসলাম ওরফে আসাদ নামে আরেক আসামিকে অব্যাহতি দেওয়া হয়। মামলায় ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে বিশেষ পিপি জানান। ২০০৪ সালের ১১ মে পাবনার আতাইকুলা উপজেলার ফলিয়া চাপড়া বিলে ধানকাটার সময় চরমপন্থী ক্যাডাররা মাসুদ আলী শেখ, হাবিবুর রহমান, হানিফ ও রোকনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে বলে মামলার এজাহারে উল্লেখ কর হয়। এ ঘটনায় নিহত হাবিবুরের বাবা আবুল হোসেন ২৬ জনের বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা করেন। ২০০৫ সালের ২২ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ২৯ জুলাই মামলাটি স্থানান্তর করা হয় রাজশাহী দ্রুত বিচার আদালতে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.