২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষজিয়ায় আরেকটি রানওয়ের সম্ভাব্যতা খতিয়ে দেখছে সরকার

মাস্টারপ্লান অনুযায়ী জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি রানওয়ে নির্মাণ করা সম্ভব কিনা তা যাচাই করে দেখছে সরকার। দ্বিতীয় রানওয়ে নির্মাণ হলে দেশের এ প্রধান বিমানবন্দরে বাড়বে নানা ধরনের সুযোগ-সুবিধা। বিশেষ করে, জরুরি অবস্থায় একটি রানওয়ে বন্ধ হয়ে গেলে আরেকটি ব্যবহার করে সচল রাখা যাবে বিমান ওঠানামা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 06:48 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- মাস্টারপ্লান অনুযায়ী জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি রানওয়ে নির্মাণ করা সম্ভব কিনা তা যাচাই করে দেখছে সরকার। দ্বিতীয় রানওয়ে নির্মাণ হলে দেশের এ প্রধান বিমানবন্দরে বাড়বে নানা ধরনের সুযোগ-সুবিধা। বিশেষ করে, জরুরি অবস্থায় একটি রানওয়ে বন্ধ হয়ে গেলে আরেকটি ব্যবহার করে সচল রাখা যাবে বিমান ওঠানামা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন ও পরিকল্পনা) এম নাইম হাসান বৃহস্পতিবার বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা ইতোমধ্যে সদস্য (প্রশাসন) একেএম মাহাবুব আলমকে সভাপতি করে একটি কমিটি গঠন করেছি। ওই কমিটি যাচাই-বাছাই শেষে শিগগির প্রতিবেদন জমা দেবে।" তিনি বলেন, "আমাদের মাস্টারপ্ল্যানেই দুটি রানওয়ের কথা রয়েছে। তাই আমরা সম্ভাব্যতা যাচাই করে দেখছি।" জিয়ায় দ্বিতীয় রানওয়ের জন্য জায়গা রয়েছে জানিয়ে নাইম হাসান বলেন, "বিমানবন্দরের আশপাশের কিছু বাড়িঘর দ্বিতীয় রানওয়ের জন্য বাধা হতে পারে। এ রকম বাড়িঘরের সংখ্যা কত হতে পারে তা খতিয়ে দেখছে ওই কমিটি।" দুটি রানওয়ে থাকার সুবিধা তুলে ধরে তিনি বলেন, "দুটি রানওয়ে থাকার অনেক সুবিধা রয়েছে। সবচে' বড় সুবিধা হচ্ছে একটি বন্ধ হয়ে গেলে জরুরিভিত্তিতে অন্যটি ব্যবহার করা যায়।" তবে দ্বিতীয় রানওয়ের জন্য বাজেট বা অন্যান্য বিষয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি বলে জানালেন নাইম হাসান। তিনটি ট্যাক্সিওয়েসহ সাড়ে ১০ হাজার ফুট দৈর্ঘ্যরে একটি রানওয়ে নিয়ে ১৯৮০ সালে যাত্রা শুরু করে এ বিমানবন্দর। ১৯৮৩ সালে এটিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে করা হয়। এরপর বিভিন্ন সময়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই জিয়াকে ঘিরে বেশকিছু স্থাপনা গড়ে তোলায় উড়োজাহাজ চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০০৫ সালে সরকারের এক অভিযানে আশপাশের ১২টি ভবন ভেঙে দেওয়া হয়। তবে বিমানবন্দর সড়ক ও উত্তরায় লোটাস টাওয়ার, রাজউক কমপ্লেক্স, নিটোল টাওয়ার, রাজউক ট্রেড সেন্টারসহ ২০ থেকে ২৫টি ঝুঁকি সৃষ্টিকারি ভবন এখনও রয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে জানা গেছে। সপ্তাহে গড়ে আড়াইশ' আন্তর্জাতিক ও দেড়শ' অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামাকারী এ বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ করতে গেলে রাজধানীর আবাসিক এলাকা উত্তরা ও নিকুঞ্জের শত শত ভবন ঝুঁকি সৃষ্টিকারী ভবনের তালিকায় চলে আসতে পারে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। দেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক ও পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দরের পাশাপাশি আরো সাতটি স্টল পোর্টস (শর্ট টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং) রয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/আরবি/এজে/জিএনএ/১২৪৭ ঘ.