ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ২৪ডটকম)- রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল রুহুল আমিনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে প্রেষণে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও এদিন তিন সেনা কর্মকর্তা, তিন অতিরিক্ত সচিব ও ১৩ যুগ্ম-সচিবকে পদায়ন ও রদবদল করা হয়েছে। পৃথক পৃথক সরকারি আদেশে বৃহস্পতিবার এসব পদায়ন ও নিয়োগ দেওয়া হয়।
সেনা কর্মকর্তাদের মধ্যে আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল এটিএম আমিনকে রাষ্ট্রদূত নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রদূত নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা সেনা কর্মকর্তা মেজর জেনারেল আবদুল হাফিজকে নিয়োগ করা হয়েছে আনসারের মহাপরিচালক।
বহুল আলোচিত কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মেজর শামসুল হায়দার সিদ্দিকীর প্রেষণ বাতিল করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে আনা হয়েছে। তিনি বর্তমানে খুলনা বিভাগের ডিআইজি প্রিজন দায়িত্ব পালন করছেন।
অতিরিক্ত সচিবদের মধ্যে ওএসডি মো. আলী মোস্তফা চৌধুরী বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রণব চক্রবর্তীকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব হাসানকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
পদায়ন পাওয়া ওএসডি নয় যুগ্ম-সচিবের মধ্যে আবুল হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে, আবু মো. মোস্তফা কামালকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, দীলিপ কুমার দাসকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, মো. কায়কোবাদকে কৃষি মন্ত্রণালয়ে, কৌশল্যা রাণী বাগচীকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, আশরাফ আলী খানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, দিলীপ কুমার শর্মাকে আইএমইডিতে এবং নজমুল ইসলাম ও শুভাশীষ বোসকে অর্থ বিভাগের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়।
ওএসডি যুগ্ম-সচিব সৈয়দ হায়দার আলীকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক, সাদেকা বেগমকে জাতীয় মানবাধিকার সংস্থার সচিব, তসলিম আরা বেগমকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক এবং ডা. শামীম আরা বেগমকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যুগ্ম-প্রধান নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ২৪ডটকম/এমকে/এসকে/
bdnews24