ঢাকা, ৪ মার্চ ((বিডিনিউজ ২৪ ডটকম)- পিলখানার বিডিআর হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন বিডিআর সদস্যকে বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত পৌনে একটার দিকে ভর্তি করা ১৪ জনের মধ্যে বিদ্রোহের প্রথম দিন গুলিবিদ্ধ জওয়ান মোসলেমউদ্দিন রয়েছেন। এছাড়া অন্যরা কিডনীর সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
বিডিআর সদস্যদের হাসপাতালে নিয়ে আসা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, বিডিআর হাসপাতালে বর্তমানে সুচিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত জনবল নেই। এ কারণে তাদের এখানে আনা হয়েছে।
বিদ্রোহের প্রথম দিন গুলিবিদ্ধ সৈনিক মোসলেমউদ্দিন জানান, প্রথম দিনই পালানোর সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে শিকদার মেডিকেল কলেজে ভর্তি করে। দুই দিন আগে রিপোর্ট করার পর তাকে বিডিআর হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০১৩৭ঘ.
bdnews24