ঢাকা, ৪ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরে হত্যাযজ্ঞের পর উদ্ভূত সংকট থেকে উত্তরণে শেখ হাসিনার সরকারকে সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড।
বুধবার রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এ আশ্বাস দেন।
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বিডিআর সদরদপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যাকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ও নিন্দা জানান।
শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
মিলিব্যান্ড ওই ঘটনার শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, সংকট থেকে উত্তরণে তার সরকার প্রয়োজনীয় নৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমর্থন ও সহযোগিতা দেবে।
এছাড়া হত্যাকান্ডের তদন্তে ইন্টারপোলের সহায়তারও আশ্বাস দেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ ২৪ ডটকম /জিএমএ/এসইউএম/এসআইটি/এএনএস/এইচএ/ ০০৩৫ঘ.
bdnews24