ঢাকা, ৪মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তরের ঘটনায় নিহত ১৪ সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
সেনা পরিবারের সদস্যরা বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সেনাবাহিনীর কোস্টার, জীপ ও ব্যক্তিগত গাড়িতে যমুনায় ঢুকেন। তার রাত সোয়া নটায় তারা বেরিয়ে যান।
এ সময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শোকাহত এসব পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে বলেন, "তার সব নিকট আত্মীয়কেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই সেনা পরিবারের সদস্যদের কষ্ট তিনি বুঝতে পারেন।"
সেনা পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দোষীদের সবাইকে সনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন।
নিহত ১৪ সেনা কর্মকর্তার স্বজনদের মধ্যে ছিলেন-বিগ্রেডিয়ার জেনারেল শাকিল আহমেদের মা ও আত্মীয়স্বজন, মেজর মোসাদ্দেকের স্ত্রী ও পরিবারের সদস্যরা, মেজর আজহারের পরিবারের সদস্যরা, মেজর মোস্তাক মাহমুদের পরিবারের সদস্যরা, কর্ণেল জাহিদের পরিবারের সদস্যরা, মেজর মাহবুবের পরিবারের সদস্যরা, মেজর হুমায়ুন হায়দারের স্ত্রী, মেজর মিজানের পরিবারের সদস্যরা, কর্ণেল মশিউরের স্ত্রী ও পরিবারের সদস্যরা, কর্ণেল মোয়াজ্জেমের স্ত্রী, কর্ণেল আফতাবের স্ত্রী, লে. কর্ণেল বদরুল হুদার স্ত্রী ও পরিবারের সদস্যরা, মেজর ইদ্রিস ইকবালের স্ত্রী, লে. কর্ণেল কিবরিয়ার স্ত্রী।
বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/এসইউএম/এসআইটি/এইচএ/২৩৪৫ঘ
bdnews24