২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার পরিকল্পনা করছে

সরকার আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার পরিকল্পনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- সরকার আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার পরিকল্পনা করছে। লক্ষীপুর -১ আসনে বিএনপি'র সাংসদ নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে এ কথা বলেন। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা কথা উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, "আমরা ঘরে ঘরে আলো পৌঁছে দেবো।" " আমরা বহুদিন ধরে শুনে আসছি রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে। এইবার আমরা কিছু করতে চাই। আমরা চাই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপন্ন হোক।" নাজিম উদ্দিন আহমেদেরই এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ২০০৬ সালের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানের রেফারেন্স ফোরকাস্ট অনুযায়ী ২০০৯, ২০১৫ এবং ২০২০ সালে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা যথাক্রমে ৬ হাজার ৬৬, নয় হাজার ৭৮৬ এবং ১৩ হাজার ৯৯৩ মেগাওয়াট বলে ধারণা করা হচ্ছে। সরকার স্বল্প, মধ্য ও র্দীঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ২০১৪ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয়সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। স্বল্প মেয়াদী পরিকল্পনার আওতায় উল্লাপাড়ায় ১১ মেগাওয়াট, হবিগঞ্জে ১১, ফেনী গ্রীড সাব স্টেশনে ২২, মহীপালে ১১ মাওনায় ৩৩, বাড়বকুণ্ডে ২২, রূপগঞ্জে ৩৩ এবং জাঙ্গালিয়ায় ৩৩ মেগাওয়াট আইপিপি (ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট) প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। এসব আইপিপি থেকে চলতি বছরের জুনের মধ্যে ১৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্বল্প মেয়াদী কার্যক্রমের আওতায় তিন বছর মেয়াদী ভাড়ারভিত্তিতে ভোলায় ৩৪.৫, বগুড়ায় ২০, ফেঞ্চুগঞ্জে ৫০, আশুগঞ্জে ৫৫, শিকলবাহায় ৫৫ মেগাওয়াটসহ ২১৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ১৫ বছর মেয়াদী ভাড়ারভিত্তিতে শাহজীবাহারে ৮৬, কুমারগাঁওয়ে ১০ এবং ফেঞ্চুগঞ্জে ৫০ মেগাওয়াটসহ মোট ১৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। সিদ্ধিরগঞ্জে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। এসব চালু হলে চলতি বছরের জুনের মধ্যে ৫৭০.৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। শাহজীবাজারের ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি গত ফেব্র"য়ারি মাসের নয় তারিখ থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি। চলতি বছরের জুলাই থেকে ২০১২ সালে মধ্য মেয়াদী পর্যায়ে খুলনায় ১৫০, সিরাজগঞ্জে ১৫০, সিলেটে, খুলনায় ২১০, ভোলায় ১৫০ এবং চাঁদপুরে ১৫০ মেগাওয়াটসহ মোট ৯৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডের সঙ্গে যুক্ত হবে বলে শেখ হাসিনা জানান। ২০১২ সাল থেকে ২০১৪ সালের মধ্যে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় সরকারি খাতে হরিপুরে ৩৬০, সিদ্ধিরগঞ্জে ৩০০, বড়পুকুরিয়ায় ১২৫ এবং ভেড়ামারায় ৪৫০ মেগাওয়াটসহ মোট এক হাজার ২৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে শেখ হাসিনা জানান। এছাড়া বেসরকারি খাতে বিবিয়ানায় ৪৫০ এবং সিরাজগঞ্জে ৪৫০ মেগাওয়াটসহ মোট ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসইউএম/কেআরসি/এমএ/এমআরএফ/এসকে/