মানিকগঞ্জ, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)-- বুধবার মানিকগঞ্জে ছবিসহ ভোটার তালিকা 'হালনাগাদে পাইলট প্রকল্পে'র নিবন্ধন কাজের উদ্বোধন করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
এসময় তিনি জানান, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা নিয়ে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এক মাসের মধ্যে শেষ করা হবে।
বুধবার সকালে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের পুরাতন পৌরভবনে এ প্রকল্পের নিবন্ধন কাজের উদ্বোধন হয়।
সিইসি শামসুল হুদা বলেন, "পাইলট প্রকল্পের কাজ শেষ করে লব্ধ অভিজ্ঞতা নিয়ে এ বছরের সুবিধাজনক সময়ে সারাদেশে এক মাসের মধ্যে হালনাগাদকরণের কাজ শেষ হবে। তবে ভোটার তালিকা হালনাগাদকরণের কাজ একটি চলমান প্রক্রিয়া। সারাবছর ধরে এ প্রক্রিয়া চলবে। "
তিনি জানান, ২০০৯ সালের ২ জানুয়ারি থেকে এ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে এবং যারা তালিকাভুক্ত হতে পারেননি তাদের হালনাগাদ প্রকল্পের তালিকাভূক্ত করা হবে। এছাড়া যারা মারা গেছেন তাদের বাদ দেওয়া হবে।
বিদ্যমান আইন অনুযায়ী, গত ২-৩১ জানুয়ারি ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ কাজ শুরুর কথা থাকলেও উপজেলা নির্বাচনের কারণে এ কাজে হাত দিতে পারেনি ইসি। সেনাবাহিনী ছবিসহ ভোটার তালিকা কাজে সহায়তা করলেও হালনাগাদে ইসির নিজস্ব জনবল দিয়ে কাজ করতেই পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়।
ভোটার তালিকা কার্যক্রম ও নির্বাচনে সবার সহযোগিতা আহ্বান করে সিইসি বলেন, " গত জাতীয় সংসদ নির্বাচনে ৮৭ শতাংশ ভাগ ভোট পড়েছে। আইন শৃঙ্খলাবাহিনীর আন্তরিকতা ও সঠিকভাবে দায়িত্ব পালনের ফলে নির্বাচনে ভোটারদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে হবে।"
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, প্রতি বছরই ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
সাখাওয়াত হোসেন বলেন, তালিকা যতই ভালো হোক না কেন, ভোটারদের মন মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ জাহিদ মালেক স্বপন, ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জিএম সালেহ উদ্দিন।
গত ২৩ থেকে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ও ফুকুরহাটি ইউনিয়ন এবং মানিকগঞ্জ পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে নতুন ভোটারদের নাম অন্তর্ভূক্তি ও তালিকা থেকে নাম কর্তনের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়। ৪ মার্চ থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন চলবে।
পাইলট প্রকল্পে দেখা গেছে, দুইটি ইউনিয়ন ও দুইটি ওয়ার্ডে বর্তমানে মোট ভোটার রয়েছে ৩০,৮৩৩। হালনাগাদে নতুন ভোটারের আনুমানিক সংখ্যা ১৫৪২ যা বিদ্যমান ভোটারের ৫ শতাংশ।
২০০৭ সালের ১০-৩০ জুন ছবিসহ ভোটার তালিকার পাইলট প্রকল্প সম্পন্ন করে একই বছর আগস্টে মাঠ পর্যায়ে কাজ শুরু করে ইসি। গত ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে দেশের মোট ভোটার ছিল প্রায় ৮ কোটি ১৩ লাখ।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এসকে/১৮৪০ঘ.
bdnews24